আমির-জ্যাকি এক ছবিতে

জ্যাকি চ্যান-আমির খান—দুই মহাতারকা এবার এক বন্ধনীতে। জ্যাকি চ্যানের সঙ্গে বলিউডের মেলবন্ধন নতুন নয়। ২০০৫ সালে মল্লিকা শেরওয়াতের সঙ্গে করেছিলেন মিথ নামে সিনেমা। তবে চীনের সঙ্গে যৌথভাবে নির্মীয়মাণ ছবিতে আমির খানের অন্তর্ভুক্তি এই প্রথম। ভারত-চীনের যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে কুংফু ইয়োগা। এ সিনেমায় অভিনয় করবেন দুই মহাতারকা। এ উদ্যোগে যারপরনাই খুশি কুংফু তারকা জ্যাকি চ্যান। নিজেকে আমির খানের ‘ভক্ত’ দাবি করে বললেন, ‘খুব অল্পসংখ্যক বলিউড ছবি দেখার সুযোগ হয়েছে। তবে এর মধ্যে ভীষণ ভালো লেগেছে থ্রি ইডিয়টস। হংকংয়ে ছবিটি ভীষণ সফল। এরপর থেকেই রাতারাতি আমির খানের ভক্ত বনে গেছি। এ বছরই ভারতে কুংফু ইয়োগার শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।’
২০১৪ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফরের সময় দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগে তিনটি সিনেমা নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়। কুংফু ইয়োগা তারই একটি। টাইমস অব ইন্ডিয়া, দ্য এক্সপ্রেস ট্রিবিউন।