আমির-শাহরুখ নেই, অমিতাভের পাশে সালমান!

বলিউডে অনেক দিন ধরেই চলছে তিন খানের জয়জয়কার। কিন্তু পারিশ্রমিকের দিক দিয়ে আমির খান ও শাহরুখ খানকে পেছনে ফেলে বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের পাশে জায়গা করে নিয়েছেন সালমান খান। সম্প্রতি মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ প্রকাশিত দুনিয়াজোড়া সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০০ তারকার বার্ষিক তালিকায় উঠে এসেছে এই তথ্য।
ফোর্বসের ‘সেলিব্রেটি ১০০: দ্য ওয়ার্ল্ড’স টপ-পেইড এন্টারটেইনারস ২০১৫’ তালিকায় বিজ্ঞ ও ঝানু অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে যৌথভাবে ৭১ নম্বর স্থানটি দখল করে নিয়েছেন সালমান। তাঁদের প্রত্যেকের বার্ষিক আয় ৩ কোটি ৩৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬১ কোটি ১৬ লাখ ৯১ হাজার টাকার বেশি।
এ তালিকায় এর পরেই ভারতীয় অভিনেতাদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার। বার্ষিক ৩ কোটি ২৫ লাখ ডলার পারিশ্রমিক নিয়ে ৭৬ নম্বরে রয়েছেন তিনি।
তবে এই তালিকায় নেই ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান কিংবা ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের নাম। এমনকি নেই দেশটির কোনো নারী তারকার নামও!
অভিনেতাদের সঙ্গে টেক্কায় পিছিয়ে নেই ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর বার্ষিক পারিশ্রমিক ৩ কোটি ১০ লাখ ডলার। তিনি রয়েছেন তালিকার ৮২ নম্বর অবস্থানে।
সাময়িকীটি অমিতাভ বচ্চনকে ‘বলিউডের বলিষ্ঠ অভিনেতা’ হিসেবে উল্লেখ করে। এতে বলা হয় তিনি তাঁর ৫০ বছরের অভিনয় জীবনে ১৫০টির বেশি চলচিত্রে অভিনয় করেছেন। তবে, তাঁর এই পারিশ্রমিকের বড় অঙ্ক এসেছে ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের হোস্ট হিসেবে।
প্রায় ৮০টি চলচিত্রে অভিনয় করা সালমান খানকে ‘ভারতের সবচেয়ে নামীদামি তারকাদের একজন’ বলে উল্লেখ করা হয়।
ফোর্বসের এই তালিকার এক নম্বরে রয়েছেন আমেরিকান বক্সার ফ্লয়েড মেওয়েদার। তাঁর বার্ষিক উপার্জন ৩০ কোটি ডলার। ৩ নম্বরে রয়েছেন মার্কিন সংগীত শিল্পী ক্যাটি প্যারি। এ ছাড়া আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি ১৩ নম্বরে, ব্রাজিলের নেইমার ৮২ নম্বরে, পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ১০ নম্বরে, টেনিস তারকা নোভাক জকোভিচ ৪২ নম্বরে, রজার ফেদেরার ১৬ নম্বরে, মারিয়া শারাপোভা ৮৮ নম্বরে এবং অভিনেতা জ্যাকি চান রয়েছেন ৩৮ নম্বরে।