আমির শেক্সপিয়ার পড়েছেন দশম শ্রেণিতে

দশম শ্রেণিতে পড়াকালে শেক্সপিয়ারের ‘জুলিয়াস সিজার’ পড়েন বলিউড তারকা আমির খান। তিনি বলেন, ‘এটা আমার জ্ঞানরাজ্যের দুয়ার খুলে দিয়েছিল। এমনকি আমার প্রথম ছবি ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছিল শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ দ্বারা অনুপ্রাণিত।’
কিংবদন্তি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় কথাগুলো বলেন আমির খান। মুম্বাই একাডেমি অব মুভিং ইমেজেস ফিল্ম ক্লাবের (মামি) উদ্বোধনের এই আলোচনায় আরও অংশ নেন ও ব্রিটিশ অভিনেতা স্যার এইয়েন ম্যাককালেন।
আমির খান বলেন, ‘আমি মনে করি, এই সাহিত্যিককে নিয়ে আলোচনায় আমরা অনুপ্রাণিত হয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে আরও উন্নতি করতে পারব।’
শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকীতে এইয়েন ম্যাককালেন ও আমির খানের মধ্যে এ সংলাপের আয়োজন করে মামি ফিল্ম ক্লাব। শেক্সপিয়ারের সাহিত্য থেকে নির্যাস ও প্রেরণা নিয়ে তা বড় পর্দায় তুলে ধরার নানা দিক নিয়ে আলোচনা করেন তাঁরা। বিশ্বব্যাপী ‘শেক্সপিয়ার জীবনী’ভিত্তিক এক অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল সোমবার এই সংলাপের আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল ও যুক্তরাজ্য।
বিশ্বব্যাপী শেক্সপিয়ারের নাটক মঞ্চায়ন নিয়ে এইয়েন ম্যাককালেন বলেন, শেক্সপিয়ার কখনো পুরোনো হবেন না। পড়ে বা ক্লাসে বসে তাঁকে জানা যাবে না। তাঁর প্রতিভাকে জানতে হলে তাঁর নাটক দেখতে হবে। সেসব নাটকের নির্দেশক ও অভিনেতাদেরও হতে হবে যোগ্যতর। তিনি বলেন, শেক্সপিয়ারের চিন্তাধারা সব সময়ের জন্য সমসাময়িক ও প্রাসঙ্গিক। এ জন্যই সারা বিশ্বে তাঁর সাহিত্যকর্ম ছড়িয়ে গেছে।
বলিউডের তারকাদের মধ্যে এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন কঙ্গনা রনৌত, সোনম কাপুর, ইমরান খান, কিরণ রাও, কবির খান, মিনি মাথুর, রাজকুমার রাও প্রমুখ। এনডিটিভি।