আমিরও ছিলেন!

দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে দুই খানের গলাগলি পুরো ভক্তদের নাড়িয়ে দিয়েছে। বোন অর্পিতাকে জড়িয়ে ধরে সালমানের সঙ্গে শাহরুখের ছবিটা বেশ আলোচিতও হয়েছে। কিন্তু ছবিটায় একটা শূন্যতাও যেন ছিল। ইশ্, যদি আমির খানও থাকতেন!
আমিরের সঙ্গেও শাহরুখের বিবাদটা অনেক পুরোনো। এই অহংয়ের লড়াই একসময় কদর্য রূপও নিয়েছিল। বাতাসে যখন পুনর্মিলনের রেণু, তখন আমিরও বাকি দুই খানের সঙ্গে গলা মেলালে ভালো করতেন না! এই যখন ভক্তদের প্রশ্ন, তখন জানা যাচ্ছে, বাকি দুই খানের সঙ্গে আমিরও ছিলেন। সরাসরি না হলেও ‘ভার্চুয়ালি’।
আমির জানিয়েছেন, ‘আমি ওদের দুজনের মিলে যাওয়ার খবরটা জানতে পেরেছিলাম। সত্যি বলতে কি, তারা আমাকে সারা রাত ঘুমাতেই দেয়নি। প্রথমে রাত দেড়টার দিকে ফোন করে আমাকে এই খবরটা ওরা দিল। এরপর আড়াইটার দিকে আমরা ভিডিও কলে কথা বলেছি। এটা প্রায় সকাল পর্যন্ত চলেছে। ওই দুজন আসলে আমাকে ঘুমাতেই দেয়নি।’
এটা তাই সময়ের ব্যাপার, তিন খানকে শিগগিরই আবিষ্কার করা যাবে একই ফ্রেমে! টাইমস অব ইন্ডিয়া।