আমিরকে ভয় পান করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করণ জোহর ও আমির খান
করণ জোহর ও আমির খান

পাকা জহুরি করণ জোহর। হিরে চিনতে নাকি তাঁর ভুল হয় না। কিন্তু সেই করণ কেন আমির খানের মতো রত্নের সঙ্গে কাজ করছেন না? কারণ একটাই, ‌‘মিস্টার পারফেকশনিস্ট’ আমিরকে ভয় পান করণ। মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবে এসে এ কথাই বললেন বলিউডের নামকরা এই প্রযোজক-পরিচালক।

করণের স্বীকারোক্তি, এখনো উঁচু দরের পরিচালক হয়ে উঠতে পারেননি। তিনি জনপ্রিয় ধাঁচের সিনেমা করেন। আমিরের মতো বৃত্তভাঙার সাহস তাঁর নেই।
করণ বলেছেন, ‘আমি হয়তো জনপ্রিয় ধারায় খানিকটা অবদান রেখেছি। কিন্তু আমার মনে হয় না আমি চলচ্চিত্রে মেধার পরিচয় দিয়েছি।’ করণের ব্যাখ্যা, ‘আমি এখনো “লগন”, “রং দে বসন্তি” কিংবা “লাগে রাহো মুন্না ভাই”-এর মতো ছবি বানাতে পারিনি। আমি বিশ্বাস করি, এগুলো সেরা ছবি।’
১৯ বছরের ক্যারিয়ার পুরোটাই নাকি করণের ‘ভয়ানক’ যাত্রা। তাই কী বানাবেন আর কীভাবে বানাবেন, সেই পরিকল্পনা করতে করতে সময়ের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। আমিরকে ‘চলচ্চিত্রের সবচেয়ে বুদ্ধিদীপ্ত মনে’র অধিকারী মনে করেন। আমিরের সঙ্গে তিনি কাজ করতে চান। কিন্তু মনে করেন, আমিরের জন্য তাঁর ছবি উপযুক্ত হবে না, ‌‌‘তাঁকে খারাপ ছবির প্রস্তাব দেওয়ার লোকের তালিকায় আমি থাকতে চাই না। আমি অতিরিক্ত নার্ভাস।’
এসব কথা বলতে বলতে করণ ঘোষণা দেন, তাঁর আগামী ছবিটি উৎসর্গ করবেন তাঁর যমজ সন্তান যশ আর রুহিকে। ছবির নাম না জানালেও জানান শুটিং শুরু হবে অক্টোবর নাহয় নভেম্বরে। আর অভিনয় করবেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর। ডেকান ক্রনিকল