আমিরকে সরিয়ে অমিতাভ-প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া,আমির খান ও অমিতাভ
প্রিয়াঙ্কা চোপড়া,আমির খান ও অমিতাভ

দীর্ঘ এক মাসের সব জল্পনা-কল্পনার শেষে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র দূত হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলিউডের তারকা অভিনেতা ‘মেগাস্টার’ অমিতাভ বচ্চনের নাম। আজ ২১ জানুয়ারি ভারত সরকারের একটি সূত্রের বরাত দিয়ে অমিতাভ বচ্চনের নাম নিশ্চিত করে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। অবশ্য অমিতাভ একাই নন। ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র দূত হিসেবে অমিতাভের সঙ্গে থাকছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও।
ভারতে ‘অসহিষ্ণুতা’ বাড়ছে— এমন মন্তব্যের কারণে বিজেপি সরকারের রোষে পড়েছিলেন ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র (বর্তমানে অব্যাহতিপ্রাপ্ত) দূত আমির খান। এর কিছুদিনের মধ্যেই আমির খানকে অব্যাহতি দানের সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এরপর থেকেই জল্পনা কল্পনা চলছিল— কে হতে যাচ্ছেন ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

অবশেষে আজ বৃহস্পতিবার জানা গেল অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়া— বলিউডের এই দুই তারকাই হচ্ছেন ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র দূত। এ বিষয়ে এই দুই তারকার পক্ষ থেকে সম্মতিও মিলেছে। আগামী সপ্তাহে এর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
গত এক দশক ধরে ভারতের পর্যটনের প্রচারদূত হিসেবে কাজ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর নতুন দূত হিসেবে তালিকায় ছিলেন তারকা খেলোয়াড়সহ আরও বেশ কজন ব্যক্তিত্ব। আমিরকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিয়ে সরকারের ঊর্ধ্বতন সচিব অমিতাভ কান্ত বলেন, ‘দেশকে ‘‘অসহিষ্ণু’’ বলা দেশের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকার পরিপন্থী।’ টাইমস অব ইন্ডিয়া।