‘আমিরজি, আমার ব্যাপারে আপনি কী ভাবছেন!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাখি সাওয়ান্ত
ইনস্টাগ্রাম

আমির খান ও কিরণ রাওয়ের বিচ্ছেদ মানতে পারছেন না বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। রাস্তায় এক পাপারাজ্জির কাছে খবরটা শুনেই চমকে যান এই বলিউড অভিনেত্রী। শুনেই পাশের দেয়ালে ঝুঁকে পড়েন রাখি! পরে জানান, ‘আমি চাচ্ছি আমির আর কিরণের যেন বিচ্ছেদ না হয়।’

রাখি সাওয়ান্ত
ইনস্টাগ্রাম

আলোকচিত্রী জানান, ইতিমধ্যে তাঁরা অফিশিয়াল ঘোষণা দিয়ে দিয়েছেন। কিন্তু রাখি কিছুতেই মানতে পারছেন না আমির ও কিরণের এই বিচ্ছেদ। তিনি জানান, বিচ্ছেদ কখনো তাঁর পছন্দ নয়। আগেও এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে কিরণকে বিয়ে করাও একদমই মানতে পারেননি রাখি।

কথায় কথায় রাখি কৌতুক করে জানান, ‘আমিরজি, আমি কুমারী। আমার ব্যাপারে আপনি কী ভাবছেন!’

আমির খান, কিরণ রাও ও তাদের ছেলে আজাদ রাও খান
ইনস্টাগ্রাম

গতকাল শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আমির খান ও কিরণ রাও তাঁদের বিচ্ছেদের খবর জানিয়েছেন। ওই বিবৃতিতে দুজন জানান, ‘১৫ বছরের এই সুন্দর জীবনে প্রচুর আনন্দ, সুখ আর অভিজ্ঞতা সঞ্চয় করেছি। বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসাই আমাদের সম্পর্কের ভিত্তি। এখন আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেখানে আমরা আর স্বামী-স্ত্রী নই। কিন্তু আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে থাকব।’

আমির খানের প্রথম প্রযোজনায় ‘লগান’ ছবির সহপরিচালক ছিলেন কিরণ রাও। এই ছবির সেটেই প্রথম দেখা। কিরণকে ভালোবেসে ফেলেন এই বলিউড তারকা। কিছুদিন লিভ ইন করে ২০০৫ সালে বিয়ে করেন তাঁরা। ২০১১ সালে সারোগেসির সাহায্যে তাঁদের জীবনে আসে পুত্র আজাদ। ১৫ বছর সংসার শেষে যুগলজীবনের ইতি টানলেন দুজন।

রীনা দত্ত ও আমির খান
সংগৃহীত

আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্ত। ১৯৮৬ সালের ১৮ এপ্রিল তাঁরা লুকিয়ে বিয়ে করেন। ১৬ বছর সংসারের পরে ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের ঘরে আছে ইরা ও জুনাইদ নামের দুই সন্তান।