আমিরের অনুরোধ রাখলেন আদিত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান- আদিত্য চোপড়া
আমির খান- আদিত্য চোপড়া

ভারতে ইদানীং ছবি মুক্তির আগেই ইন্টারনেটে তা ফাঁস হয়ে যাচ্ছে। সর্বশেষ ‘উড়তা পাঞ্জাব’, ‘সুলতান’ ও ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’-র সঙ্গে এমন ঘটনা ঘটেছে। ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ মুক্তি পাওয়ার কথা ছিল ২২ জুলাই। কিন্তু তার অনেক আগেই অনলাইনে এই ছবি ফাঁস হয়ে যাওয়ার ফলে প্রযোজক মুক্তির দিন এগিয়ে ১৫ জুলাই করেছেন। এদিকে ‘সুলতান’ মুক্তি পেয়েছে ৬ জুলাই। আদিত্য চোপড়ার এই ছবি বক্স অফিসে এখন রমরমা ব্যবসা করছে। কিন্তু ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ এত দিন আগে ফাঁস হয়ে যাওয়ায় ব্যবসায় ভরাডুবি হওয়ার ভয় পাচ্ছেন যাঁর গল্প নিয়ে ছবিটি, সেই তুষার হিরানন্দনী। বলিউড সুপারস্টার আমির খানের অনুরোধে তাই ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’-র সঙ্গে হল ভাগাভাগি করতে রাজি হয়েছেন আদিত্য।
গত শুক্রবার নির্মাতা করণ জোহর ও একতা কাপুর হাজির হয়েছিলেন আমিরের বাড়িতে, অনলাইনে ছবি ফাঁস হওয়া–বিষয়ক আলাপ করতে। ভারতে এখন এটি একটি বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। যদিও আদিত্য চোপড়া সেই আলোচনায় উপস্থিত ছিলেন না, কিন্তু ফোনে আমির খান এই বিষয়ে আলাপ করেছেন তাঁর সঙ্গে। একটি সূত্র জানিয়েছে, আমিরের অনুরোধে আদিত্য এই প্রথম তাঁর কোনো ছবির সঙ্গে অন্য কোনো ছবি প্রদর্শনের ব্যাপারে সম্মত হলেন।
যেহেতু আদিত্য নিজেও ‘সুলতান’ মুক্তির আগে এই পাইরেসি-সংক্রান্ত জটিলতার মুখে পড়েছিলেন, তাই হয়তো এবার একটু মন নরম হয়েছে তাঁর। আমিরের এই অনুরোধ তাই আর ফেলতে পারেননি ‘সুলতান’ প্রযোজক। বলিউড লাইফ।