আমিরের ওপর চটে যান কিরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান
>
  •  আমিরের ওপর চটে যান কিরণ!
  •  মনজিত হিরানির বইয়ের মোড়ক খোলা হলো।
  •  আমির খান কোন বিষয়ের ওপর বই লিখতে চান?

‘ইমলি’ কে? ‘ইমলি’ বলিউড তারকা আমির খানের প্রিয় পোষ্য। তিনি কুকুর ভীষণ ভালোবাসেন। মাকে অনেক কষ্টে রাজি করিয়ে বাড়িতে তিনটি পোষ্য এনেছেন। এই তিন পোষ্যের মধ্যে একটি হলো ‘ইমলি’। এই ইমলিও তাঁর ভক্ত। জানালেন আমির খান। আর এই ইমলির জন্য নাকি প্রায়ই স্বামীর ওপর চটে যান স্ত্রী কিরণ রাও।

গতকাল সোমবার মুম্বাইয়ের বান্দ্রার টাইটেলস ওয়েভসে চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানির স্ত্রী মনজিত হিরানির বই ‘হাউ টু বি হিউম্যান-লাইফ লেসনস বাই বাডি ইরানি’র মোড়ক খোলা হলো। মোড়ক খুলেছেন আমির খান। মনজিত বইয়ে তাঁর পোষ্য কুকুরের প্রতি অনুভব আর এই পোষ্যকে ঘিরে তাঁর ভাবনার কথা বলেন। একটি পোষ্য একজন মানুষকে কতটা মানবিক হয়ে উঠতে সাহায্য করে, তাদের কাছ থেকে কী কী শেখা যায়, তা তুলে ধরেন মনজিত।

পোষ্যর প্রসঙ্গে আমির খান বলেন, ‘আমার বাড়িতে ইমলি, পিনাট, ছোটি নামের তিনটি কুকুর আছে। মিরি নামের একটি বিড়ালও আছে। আমার এই তিনটি কুকুর আমাকে নিঃশর্তভাবে ভালোবাসে। আর এটাই এদের থেকে শেখার। তবে ইমলি নামে মেয়ে কুকুরটা আমার একটু বেশি ভক্ত। কিরণ এবং আমার ছেলে আজাদ ইমলির বেশি খেয়াল রাখে। ইমলিকে ওরা বেশি পছন্দ করে। কিন্তু ইমলি ওদের তেমন পাত্তা দেয় না। আমি বাড়িতে থাকলে ও সব সময় আমার পেছন পেছন ঘোরে। আর এতে কিরণ খুব চটে যায়, বিরক্ত হয়। কারণ, সারা দিন ও ইমলির দেখভাল করে, আর ইমলি আমার খেয়াল রাখে।’

আমির খান ও রাজকুমার হিরানি
আমির খান ও রাজকুমার হিরানি

জোয়া আখতারের ‘দিল ধাড়কনে’ ছবিতে আমির কুকুরের আওয়াজ দিয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কুকুরের প্রতি আমার ভালোবাসার কারণে আমি আওয়াজ দিতে রাজি হয়েছিলাম। আর ছবির এই ভাবনাটা আমার দারুণ লেগেছিল।’

আমির খান আরও বলেন, ‘আমি একদমই সুশৃঙ্খল নই। আপনারা নিশ্চয় অবাক হচ্ছেন। আসলে আমি আমার কাজের জন্য সুশৃঙ্খল হতে বাধ্য হয়েছি। আমি যদি অভিনেতা না হতাম বা সিনেমার জগতে না থাকতাম, তাহলে আমার মধ্যে নিয়মশৃঙ্খলার যথেষ্ট অভাব হতো। সিনেমা আমাকে সুশৃঙ্খল করেছে। আমি নিয়মের মধ্যে থাকতে চাই না।’

নিজের সম্পর্কে আমির খান বলেন, ‘আমি আজকের ওপর বাঁচি। কাল বা পরশু কী হবে, তা নিয়ে একদম ভাবি না। আর কখনোই দীর্ঘকালীন পরিকল্পনা করি না। আমি যখন যে কাজ করি, সেটা একাগ্রতার সঙ্গে করি। তা সে খাবার খাওয়া, ছবি দেখা, মিটিং, শুটিং—যে কাজই হোক না কেন, তা মন দিয়ে করি। সেই কাজের মধ্যে পুরোপুরি ডুবে থাকি। একটা কাজ করতেই পছন্দ করি, একসঙ্গে একাধিক কাজ করতে পারি না।’

আমির খান কোন বিষয়ের ওপর বই লিখতে চান? বললেন, ‘এখনো ভাবিনি। তবে হয়তো আমার কাজ এবং জীবন সম্পর্কে অভিজ্ঞতার কথা লিখব।’

রাজকুমার হিরানি এখন ব্যস্ত বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনের ওপর ছবি নির্মাণে। সাংবাদিকেরা তাঁকে জিজ্ঞেস করেন, আপনি আমির খানের ওপর বায়োপিক করতে চান? রাজকুমার বলেন, ‘আমির নিজে চিত্রনাট্য লিখুক। আমি নিশ্চয়ই ওর ওপর বায়োপিক বানাব।’ এ ব্যাপারে আমির খান হেসে বলেন, ‘আমার জীবন খুবই বোরিং।’