আমিরের কাঁধে করের বোঝা!

আশুতোষ গোয়ারিকারের ‘লগন’ ছবিতে বলিউডের তারকা অভিনেতা আমির খানকে ব্রিটিশ সরকারের চাপানো ‘ভূমি কর’ বিরুদ্ধে অসাধারণ অভিনয় করতে দেখা গিয়েছিল। এবার বাস্তবেই আমির ও তাঁর পরিবারের নামে আটশো সতেরো রুপি পঁচানব্বই পয়সা ভূমি কর বাকি রাখার অভিযোগ উঠেছে।
ভারতের সাহাবাদের উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট অশোক শুক্লা সম্প্রতি আমির এবং তাঁর পরিবারকে তাঁদের পারিবারিক কৃষি জমির সমস্ত পাওনা কর দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমিরের পৈতৃক বাড়িটি যিনি দেখাশোনা করেন, তাঁর কাছে অশোক শুক্লার পাঠানো এই চিঠি এসেছে বলেই একটি সূত্র জানিয়েছে।
অবশ্য সূত্রটি এও জানিয়েছে, আখতিয়ারপুর গ্রামে আমিরদের পৈতৃক জমির কর আমির এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা নিয়মিত প্রতিবছর জমা দিয়ে আসছিলেন।
তবে, এ বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত আমিরের নামে ১১৮.২০ রুপি, তাঁর বোন নিখাতের নামে ৬০৬.০০ রুপি এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে ৯৩.৭৫ রুপি কর এখনো জমা হয়নি।