আমিরের কাঁধে চোট, শুটিং বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান আহত
আমির খান আহত

শরীরের নাম মহাশয় কিন্তু বয়সের কাছে কখনো কখনো হার মানতেই হয়। ভারতের লুধিয়ানায় টানা ৪০ দিন ধরে ‘দঙ্গল’ সিনেমার শুটিং করছিলেন আমির খান। কিন্তু হঠাৎ করেই এ ছবির শুটিং স্থগিত করতে হয়েছে। কারণ— ‘দঙ্গল’ তারকা আমির খানের আহত হ​ওয়া। এদিকে, ছবিসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমিরের অতি উদ্যমের কারণেই নাকি তিনি কাঁধে মারাত্মক চোট পেয়েছেন।
কুস্তিগির মহাবীর সিং এর জীবনীনির্ভর ‘দঙ্গল’ ছবিতে অনেক মারপিট এবং শারীরিক কসরতের দৃশ্যে রয়েছে। ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান এই কুস্তিগিরের প্রতি সম্মান জানাতেই হয়তো কোনো ডামি ব্যবহার না করে নিজেই কঠিন সব শারীরিক কসরতের দৃশ্যে অভিনয় করছিলেন। আর শারীরিকভাবে এ কঠিন ধকলটিই নিতে পারেননি পঞ্চাশ বছর বয়সী এই তারকা।
এ প্রসঙ্গে আমিরের এক মুখপাত্র জানিয়েছেন, ‘১৪ নভেম্বর গুরু নানক স্টেডিয়ামে ‘দঙ্গল’ এর সেট ফেলা হয়েছিল। সেদিন আমিরের বেশ কিছু মারপিটের (অ্যাকশন) দৃশ্যে কাজ করতে হয়েছে। দৃশ্যগুলো অনেক দীর্ঘ ছিল এবং কয়েকটি অ্যাঙ্গেল থেকে শট নেওয়ার প্রয়োজন ছিল। শেষ দৃশ্যের পর আমির যখন বসে পড়েন তখন শুটিং ইউনিটের সবাই মনে করেছিল বুঝি তাঁর পেশিতে টান লেগেছে। কিন্তু আধঘণ্টা বিশ্রাম এবং কাঁধে বরফ লাগানোর পরেও তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন। এমনকি ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না তিনি। এরপর যখন তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে গিয়েই আমরা জানতে পারি, কাঁধে গুরুতর চোট পেয়েছেন আমির।’
এ অবস্থায় শুটিং স্থগিত না করে আর কি উপায়? পরবর্তী চিকিৎসার জন্য ওই দিনই আমির মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। পরিচালক নিতেশ তিওয়ারি ২০১৬ সালের ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন। এখন দেখা যাক, পুরোপুরি সেরে উঠতে কত দিন সময় নেন এই ‘পিকে’ তারকা। টাইমস অব ইন্ডিয়া।