আমিরের জন্মদিনে কিরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

আজ ১৪ মার্চ ৫১ বছরে পা দিলেন বলিউডের তারকা অভিনেতা আমির খান। বরাবরই খুব চাপা স্বভাবের মানুষ এই ‘লগন’ তারকা। যেখানে বেশি জনসমাগম; সেসব জায়গা খুব সতর্কভাবেই এড়িয়ে চলেন তিনি। আর এ জন্য গায়ে ‘অহংকারী’ তকমাও লেগেছে অনেক আগেই। জন্মদিনে আমিরের সম্পর্কে কিছু অজানা তথ্য জানিয়েছেন তাঁর স্ত্রী কিরণ রাও।

কিরণ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমির সব সময়ই নিজেকে একটু গুটিয়ে রাখতে ভালোবাসেন। তাঁর চরিত্রের এই দিকটি অনেকের কাছেই প্রকাশিত। কিন্তু তাঁর যে রূপটি পরিবারের বাইরে কেউ জানেন না সেটি হলো—আমির ভীষণ আমোদী একজন মানুষ। নিজের ভাই-বোন, সন্তান, ভাগনে-ভাগনি সবার সঙ্গেই মজার সব খুনসুটি করেন তিনি। পারিবারিক যেকোনো দাওয়াতে হাসিঠাট্টায় মাতিয়ে রাখেন সবাইকে। এ ছাড়া বোর্ড গেম খেলতে খুব ভালোবাসেন। এই খেলা এখন রীতিমতো নেশা হয়ে গিয়েছে তাঁর।

বাবা হিসেবেও নাকি আমির দারুণ দায়িত্ববান। ছোট ছেলে আজাদকে নিজে ঘুম পাড়াতে পছন্দ করেন। কাজের চাপে প্রতিদিন সংসারের কাজে স্ত্রীকে সাহায্য করতে না পারলেও সময় পেলেই রান্নাঘরে ঢুকে পড়েন। রান্নায় ঝোঁক আছে বলে একবার মায়ের কাছ থেকে সব মজার মজার খাবারের প্রণালি শিখে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। যদিও ব্যস্ততার কারণে পরে আর তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শত ব্যস্ততার মাঝেও ফাঁক পেলেই ছেলেকে গল্পের বই পড়ে শোনান এই ‘তারে জমিন পার’ তারকা।

তবে সব গুণকে ছাপিয়ে আমিরের সততাই নাকি কিরণকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। পরিবার এবং সন্তানের প্রতি তাঁর দায়িত্ববোধের প্রশংসা করেন তিনি। আগের স্ত্রী রিনা দত্তের ঘরে তাঁর দুই সন্তান জুনায়েদ এবং ইরার সঙ্গেও অনেক ঘনিষ্ঠ তাঁদের বাবা আমির খানের। হিন্দুস্তান টাইমস।