আমিরের পক্ষে আদালতের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পিকে’ ছবির পোস্টারে আমির খান
‘পিকে’ ছবির পোস্টারে আমির খান

বলিউডের অভিনেতা আমির খানের ‘পিকে’ ছবির বিতর্কিত পোস্টারকে সামনে রেখে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের করা একটি জনস্বার্থ মামলার আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।
বুধবার ‘পিকে’ ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিল সর্বভারতীয় মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচার সংগঠন। আবেদনে বলা হয়, ‘পিকে’ ছবির পোস্টার অশালীন। ছবিও অশালীন। এই ছবিতে নগ্নতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মামলার শুনানি শেষে আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে বলা হয়, ‘যদি পছন্দ না হয়, তাহলে ছবি না দেখলেই হলো। কিন্তু ধর্মীয় আঙ্গিক দিয়ে বিচার করে বিষয়টি নিয়ে বিতর্ক বাড়িয়ে তোলা অর্থহীন।’ 
আমির খানের ‘পিকে’ ছবির মুক্তির দিন ধার্য করা হয়েছে এ বছরের ১৯ ডিসেম্বর। রাজকুমার হিরানি পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন আমির খান, আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, সঞ্জয় দত্ত, বোমান ইরানি প্রমুখ।
‘পিকে’ ছবির পোস্টারে নগ্ন আমির খানকে দেখা যাওয়ার পর থেকেই আলোচনা-সমালোচনার ঝড় বইছে চারদিকে। ইউটিউবে প্রকাশিত ‘পিকে’ ছবির মোশন পোস্টারে দেখা গেছে, আমির রেললাইনের ওপর দাঁড়িয়ে আছেন। হাতে ধরে রেখেছেন পুরোনো দিনের রেডিও সেট। আমিরের বিবস্ত্র শরীরের কিছু অংশ ঢাকা পড়েছে ওই রেডিও সেটে।
এ ধরনের পোস্টার প্রকাশ করায় আমিরসহ ‘পিকে’ ছবির পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়ার বিরুদ্ধে কানপুরে মামলা দায়ের করা হয়। নগ্নতা ও অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলা হয় তাঁদের বিরুদ্ধে। এর আগে আমিরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারায় মামলা দায়ের করেন আইনজীবী মনোজ কুমার। এ ছাড়া, ভোপালে আমিরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২ ও ২৯৪ ধারায় মামলা করেন আরেক আইনজীবী রাজকুমার পাণ্ডে।