আমিরের বক্তব্যে সহমত রাহমান

ভারতে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বলিউড তারকা আমির খানের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত প্রকাশ করেছেন অস্কারজয়ী ভারতীয় সংগীতকার এ আর রাহমান। গত সেপ্টেম্বর মাসে তাঁর বিরুদ্ধে ফতোয়া জারির বিষয়টি উল্লেখ করে রাহমান বলেন, আমিরের মতো তিনিও সেসময় এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন।
এ আর রাহমান বলেন, ‘কয়েক মাস আগে আমিও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। সহিংস কিছু হওয়া উচিত নয়। আমরা সভ্য জাতি। গোটা বিশ্বকেই সেটা দেখানো উচিত।’
গতকাল মঙ্গলবারে ভারতের গোয়ায় চলমান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৪৬ তম আসরে এসব কথা বলেন তিনি।
ফারসি সিনেমা ‘মুহাম্মদ: মেসেঞ্জার অব গড’-এর গানের সুর করেছিলেন এ আর রাহমান। মুম্বাইভিত্তিক রেজা অ্যাকাডেমি এ জন্য তাঁকে হুমকি দিয়েছিল।
এ আর রাহমানের বিরুদ্ধে ফতোয়া জারির কারণে এই সংগীতকারের পূর্বনির্ধারিত দিল্লি ও উত্তর প্রদেশের কনসার্ট বাতিল করতে হয়েছিল। সে সময় বিশ্ব হিন্দু পরিষদ ধর্মান্তরের কথাও তোলে। তারা এ আর রাহমানকে পুনরায় হিন্দু ধর্মে দীক্ষা নিয়ে ‘ঘরে ফিরে’ আসার আমন্ত্রণ জানিয়েছিল।
প্রসঙ্গত, সোমবার রামনাথ গোয়েংকা এক্সেলেন্স ইন জার্নালিজম পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমির খান ধর্মীয় অসহিষ্ণুতার প্রসঙ্গ তুলে তাঁর নিজের ও পরিবারের আতঙ্কের কথা জানিয়েছিলেন।