আর মুখ ঢাকা নয়

মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৯ মার্চ সকালে হঠাৎ দেখা গেল, মুখে রুমাল বেঁধে কেউ একজন বেরিয়ে আসছেন। প্রথমে চিহ্নিত করা না গেলেও পরে বিমানবন্দরে উপস্থিত চিত্রগ্রাহকদের ক্যামেরা তাঁকে চিনে ফেলে। মুহূর্তেই জানা যায়, আট মাস যুক্তরাজ্যের হাসপাতালে ক্যানসারের চিকিৎসা শেষে মুম্বাই ফিরেছেন ইরফান খান। বিমানবন্দরে উপস্থিত চিত্রগ্রাহকেরা ইরফান খানকে ঘিরে ধরার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই ক্যামেরার মুখোমুখি হতে চাননি। তাই তো মুখে রুমাল বেঁধে বিমানবন্দর থেকে বেরিয়ে যান।
এরপর ইরফান খানকে আবারও মুখে রুমাল বাঁধা অবস্থায় দেখে গেছে মুম্বাইয়ে প্রযোজক দিনেশ বিজনের ম্যাডক ফিল্মসের অফিসের বাইরে গাড়িতে। ‘হিন্দি মিডিয়াম’ (২০১৭) ছবির ব্যাপক সাফল্যের পর এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হবে ‘হিন্দি মিডিয়াম টু’ ছবিটি। আগেই জানানো হয়েছিল, এই ছবিতে অভিনয় করবেন ইরফান খান। কিন্তু ইরফান খান স্নায়ুকোষের টিউমারে আক্রান্ত হন। তাঁর এই রোগের নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’। এরপর পুরো আট মাস তিনি যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ কারণে ছবির কাজ আর শুরু করা সম্ভব হয়নি।
এবার আর মুখে রুমাল বেঁধে নয়, বেশ ফুরফুরে ইরফান খান। গতকাল সোমবার মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে সেই আগের ইরফান খানকে। ওজন কিছুটা কমেছে। চেহারায় অসুস্থতার ছাপ নেই। ক্যাজুয়াল পোশাক, মাথায় হ্যাট। সব মিলিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তাঁকে দেখে ছবি তুলতে ব্যস্ত হন আলোকচিত্রীরা। এবার তিনি কাউকে বাধা দিতে চাননি। তাঁর ছবি আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেকেই মন্তব্য করেছেন, সুস্থ হওয়ার পর এটাই তাঁর প্রথম ছবি। তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, চলচ্চিত্রে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরফান খান।
শোনা যাচ্ছে, শিগগিরই ‘হিন্দি মিডিয়াম টু’ ছবির শুটিং শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ছবিতে ইরফান খানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুরকে। ছবিতে কারিনা কাপুর একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন।
ইরফান খান স্নায়ুকোষের টিউমারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর রোগের নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’। তিনি যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বছর ৬ মার্চ ইরফান খান নিজেই টুইটারে প্রথম তাঁর এই রোগের কথা সবাইকে জানান। এরপর তাঁকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়।