আর হাসাবেন না তিনি

প্রায় সিকি শতাব্দীর ক্যারিয়ার। ২৩ বছর ধরে কাজ করেছেন ৯০টিরও বেশি চলচ্চিত্রে। তারপরও হয়তো ভারতের অনেকেই চেনে না তাঁকে। তিনিও জানতেন, বিশাল তারকাখ্যাতি তাঁর জন্য নয়। এসব নিয়ে তাই ভাবেনওনি কখনো। অদ্ভুত সব কমিক চরিত্রে কাজ করেছেন। তা দিয়ে দর্শকদের পেটে খিল ধরিয়েছেন। সেই হাসানোর লোকটি চলে গেলেন। মারা গেছেন বলিউড অভিনেতা রাজাক খান।
গতকাল বুধবার হার্ট অ্যাটাকের শিকার হন এই অভিনেতা। দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ।
১৯৯৩ সালে বড় পর্দায় অভিষেক। এরপর রাজা হিন্দুস্তানির ট্যাক্সিচালক, বাদশা ছবির মানিকচাঁদ, হ্যালো ব্রাদার-এর নিনজা চাচা, হেরা ফেরির গুন্ডা—এ চরিত্রগুলো দিয়ে সবার মনে জায়গা করে নেন তিনি। বেশির ভাগ ছবিতেই কাজ করেছেন ছোট কমেডিয়ানের চরিত্রে। তা দিয়েই প্রাণ খুলে হাসিয়েছেন। সর্বশেষ কাজ করেছেন ক্যায়া কুল হ্যায় হাম সিরিজের তৃতীয় ছবিতে। সেখানেও সেই ছোট চরিত্র। ‘অগুরুত্বপূর্ণ’, কিন্তু তাঁকে না আনলে মনে হয়, কী যেন নেই, কী যেন একটা খামতি। টিওআই।