আরও একবার 'জিন্দেগি না মিলেগি দোবারা'

বলিউডে পরিচালক হিসেবে যাত্রা শুরু করলেও ফারহান আখতার নিজেকে পাকা অভিনেতা হিসেবেও প্রমাণ করেছেন। প্রথম পরিচালিত ছবি ‘দিল চাহতা হ্যায়’ যেমন দর্শকদের মুগ্ধ করেছিল, তেমনি ‘রক অন’ ছবিতে তাঁর সাবলীল অভিনয়ও সবার নজর কাড়ে। এরপর ২০১১ সালে মুক্তি পাওয়া ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-তে তাঁর চরিত্র ‘ইমরান’ও প্রশংসা কুড়ায় অনেক। সেই ‘ইমরান’-এর মায়া এখনো ছাড়তে পারেননি ফারহান। তিনি নাকি আবারও এই একই চরিত্রে অভিনয় করতে চান। অর্থাৎ, ফারহান চাইছেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিটির সিক্যুয়াল তৈরি হোক।
“‘জিন্দেগি না মিলেগি দোবারা’-কে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। আমার ধারণা এতে খুব মজা হবে’, এভাবেই নিজের ইচ্ছার কথা ব্যক্ত করেন এই ছবির প্রযোজক এবং অভিনেতা ফারহান আখতার।
এদিকে, এই ছবির আরেক তারকা হৃতিক রোশনও মনে করেন এই ছবির আরেকটি কিস্তি নির্মাণ করা উচিত।
জয়া আখতার পরিচালিত ২০১১ সালের সফল ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র গল্পটি ছিল তিন বন্ধুর এক রোমাঞ্চকর ভ্রমণকে ঘিরে। সেখানে তাঁরা নিজেরদের নানা সমস্যার সমাধান এবং নিজেদের নতুন ভাবে আবিষ্কার করে। এই ছবিতে আরও অভিনয় করেছিলেন অভয় দেওল, ক্যাটরিনা কাইফ, কালকি কেক্লান।
বর্তমানে ফারহান আখতার ‘রক অন’-এর সিক্যুয়ালে অভিনয় করছেন। অভিষেক কাপুর পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করছেন অর্জুন রামপাল এবং প্রাচী দেশাই।
এই ছবির সিক্যুয়ালে প্রসঙ্গে জানতে চাইলে ফারহান বলেন, ‘সময়ই বলে দেবে ছবিটি কেমন হচ্ছে, আগে ছবিটি তৈরি তো হোক।’ পিটিআই।