আরজে অনিল কাপুর!

‘ওয়েলকাম’ ছবিতে হাসির জোয়ারে ভাসিয়েছেন দর্শকদের। আবার ‘নায়ক’ ছবিতে একদিনের মন্ত্রী হিসেবে তাঁর অভিনয় কুড়িয়েছে দর্শকদের প্রশংসা। এমন অনেক ছবিতেই তাঁর অনবদ্য অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ৩৫ বছরের অভিনয়জীবনে অভিনয় এবং ছবি পরিচালনার পাশাপাশি গেয়েছেন গানও। সাফল্যময় জীবনের এই পর্যায়ে, বলিউড তারকা অনিল কাপুর এবার রেডিও জকির (আরজে) ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
দিল্লির একটি জনপ্রিয় রেডিও চ্যানেলে সকালের একটি অনুষ্ঠানে কথা বলেন অনিল কাপুর। আরজে হিসেবে তাঁর অভিষেকের এই অনুষ্ঠানটির নাম ‘ঝাক্কাস মর্নিংস’। হাবভাবে মনে হচ্ছে, বেশ মজাই পাচ্ছেন তিনি নতুন এই অভিজ্ঞতায়। অনুষ্ঠানটি তাঁর বিপুলসংখ্যক ভক্তের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষারও একটা দারুণ মাধ্যম হয়ে উঠেছে। অনিল কাপুরের এই অনুষ্ঠানে গত শতাব্দীর শেষ তিন দশকের গানগুলোই মূলত বাজিয়ে শোনানো হয়। টাইমস অব ইন্ডিয়া।