আরাধ্যের ছয়

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্যের আজ জন্মদিন। ষষ্ঠ জন্মদিনে আরাধ্য সবার আগে শুভকামনা পেয়েছে দাদু অমিতাভ বচ্চনের কাছ থেকে। নাতনি যে ‘বিগ বি’-র চোখের মণি, সেটা তো কমবেশি সবাই জানে। টুইটারে আরাধ্যের কয়েকটি ছবি পোস্ট করে অমিতাভ আরাধ্যের জন্মের সময়ের কথা মনে করেছেন। যাঁরা তাঁর নাতনিকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সবাইকেও জানিয়েছেন ধন্যবাদ।

এ বছর বচ্চন পরিবার কোনো উৎসবই ঘটা করে পালন করছে না। কারণ, বচ্চন বধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এ বছর তাঁর বাবা কৃষ্ণরাজ রাইকে হারিয়েছেন। এবার অমিতাভের ৭৫তম জন্মদিনে তাই মুম্বাইয়ে কোনো আয়োজন ছিল না। ঐশ্বরিয়াও এবার জন্মদিন পালন করেননি। শুধু মা আর মেয়েকে নিয়ে একটি মন্দিরে গিয়ে প্রার্থনা করে এসেছেন। আর একটি এনজিওর এক হাজার শিশুর এক বছরের তিনবেলার খাবার খরচ দিয়েছেন এ অভিনেত্রী।
কিন্তু আরাধ্য তো বাড়ির সবচেয়ে ছোট সদস্য। ওর বেলায় নিশ্চয়ই হিসাবটা একটু আলাদা হবে। গুঞ্জন শোনা যাচ্ছে, ঐশ্বরিয়া নাকি মেয়ের জন্য একটি থিম-ভিত্তিক জন্মদিনের পরিকল্পনা করেছেন আজ। সেই পার্টিতে আরাধ্যর সব বন্ধু ও বলিউড তারকাদের সন্তানেরা দাওয়াত পাবে। কিছুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে পুরো বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা গেছে। আরাধ্যও সেখানে সুন্দর সেজে এসেছিল মা-বাবার হাত ধরে। তার ভাবসাব দেখে বেশ বোঝা যাচ্ছে, সে বড় হয়েছে।
অমিতাভ তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘আরাধ্য আমাদের প্রায়ই মনে করিয়ে দেয় সে কত বড় হয়েছে। ছয় বছর হয়েছে, কিন্তু ভাবখানা ৬০ বছরের মতো।’ তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস