আরাধ্যের জন্য অমিতাভের কবিতা

ব্লগে ‘বিগ বি’ অমিতাভের লেখালেখি করার অভ্যাস অনেক পুরোনো। ব্লগে লেখার মাধ্যমে অমিতাভ বচ্চন তাঁর নিজের নানা ভাবনার কথা তুলে ধরেন। এবার তিনি কলম ধরলেন নাতনি আরাধ্যর জন্য। গত সোমবার ছিল অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের একমাত্র সন্তান আরাধ্য বচ্চনের চতুর্থ জন্মদিন। নাতনির জন্মদিনে তাকে উৎসর্গ করে একটি কবিতা লিখেছেন দাদু অমিতাভ।
অমিতাভ মনে করেন শূন্য থেকে চার বছর এ সময়টিই শিশুদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নাতনিকে যতটা সম্ভব সময় দেওয়ারই চেষ্টা করেন তিনি। দূরে কোথাও ভ্রমণে গেলেও মন পড়ে থাকে নাতনি আরাধ্যের কাছেই। আরাধ্যর জন্মদিন নিয়ে তাই দারুণ উচ্ছ্বসিত ছিলেন অমিতাভ বচ্চন।
এ ছাড়া, জন্মদিনের প্রথম প্রহরেই অভিষেক বচ্চন এক ভক্তের আঁকা আরাধ্যের একটি স্কেচ টুইটারে পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট পরি।’
আর মা ঐশ্বরিয়া তাঁর আদরের ছোট্ট ‘রাজকুমারী’ আরাধ্যের জন্মদিনের সন্ধ্যায় বাড়িতে ‘প্রিন্সেস’ পার্টির আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন শুধু পরিবারের সদস্যরা। ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার।