আরিয়ানের বলিউড অভিষেক নিয়ে শাহরুখ

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, আদিত্য চোপড়ার হাত ধরে বলিউড অভিষেক হচ্ছে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের। বলিউডকেন্দ্রিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আদিত্য চোপড়ার ‘ধুম ৬’ ছবির মাধ্যমে আরিয়ানের বলিউড অভিষেক হচ্ছে। তবে সম্প্রতি বিষয়টিকে অস্বীকার করেছেন কিং খান। তিনি জানিয়েছেন, আপাতত আরিয়ানের বলিউড অভিষেকের কোনো রকম সম্ভাবনা নেই।
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাহরুখকে তাঁর ছেলের বলিউড অভিষেক সম্পর্কে জিজ্ঞেস করা হলে শাহরুখ বলেন, ‘এই মুহূর্তে আমি এই প্রশ্নের উত্তরে বলব, না।’ আদিত্য চোপড়া তাঁর ‘ধুম ৬’ ছবিতে আরিয়ানের অভিনয়ের সুযোগ করে দিচ্ছেন—এমনটা কেন বলা হচ্ছে জিজ্ঞেস করলে শাহরুখ বলেন, ‘আমি তো তা বলছি না। যাঁরা এসব বলছেন, তাঁদেরই না হয় জিজ্ঞেস করুন।’ এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
আরিয়ানের বলিউড অভিষেকের কোনো রকম পরিকল্পনা নেই জানিয়ে শাহরুখ বলেন, ‘তার বয়স এখন অনেক কম। প্রথমে পড়ালেখার পর্ব শেষ করতে হবে তাকে। তারপর সে নিজেই তার পেশা নির্বাচন করবে। আপাতত চলচ্চিত্রশিল্পের সঙ্গে তার জড়ানোর কোনো পরিকল্পনা নেই।’
এর আগে ভারতের প্রথম সারির একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ‘আরিয়ান খুবই লাজুক প্রকৃতির। সে মিডিয়ার সামনে সহজ হতে পারে না। তবে আমার মেয়ে সুহানা ভবিষ্যতে অভিনেত্রী হতে চায়।’
আরও পড়ুন : ‘লেডিস ম্যান’ আরিয়ান!