আর্সেনিকে আক্রান্ত ছিলেন নার্গিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্গিস ফাখরি
নার্গিস ফাখরি

কয়েক মাস ধরেই আলোচনায় বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি। মাস খানেক আগে মুক্তি পাওয়া ‘হাউসফুল থ্রি’ ছবির প্রচারণা ফেলেই তাঁর হুট করে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর থেকে শুরু হয় নানা গুঞ্জন। শোনা যায়, অভিনেতা উদয় চোপড়া তাঁর মন ভেঙে দেওয়ায় এ অভিনেত্রী দেশ ছেড়েছেন। কিন্তু এত দিনে পরে জানা গেল আসল ঘটনা। সব গুঞ্জন থেকে পর্দা সরালেন নার্গিস নিজে। বললেন, তিনি আর্সেনিকের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাই নিজের ছবির প্রচার না করেই চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে যেতে হয়।
মার্কিন নাগরিক নার্গিসের পরিবারের সবাই সে দেশেই থাকেন। তাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পাকিস্তানি বংশোদ্ভূত এ অভিনেত্রী পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে ছুটে যান। নার্গিস সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, কাজের ফাঁকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ভারতের চিকিৎসকেরা তাঁর রোগ শনাক্ত করতে পারছিলেন না। পরে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে আর্সেনিকের অস্তিত্ব পাওয়া যায়। শুধু তা–ই নয়, সেই আর্সেনিকের বিষ নার্গিসের দেহে ছড়িয়ে পড়তেও শুরু করেছিল বলে সাক্ষাৎকারে এই ‘রকস্টার’ অভিনেত্রী জানান। তিনি জানান, আর্সেনিকের এই বিষে কীভাবে তিনি আক্রান্ত হলেন তা এখন বের করা যায়নি।
তবে এখন আর আর্সেনিকের বিষক্রিয়া ছড়িয়ে পড়ার ভয় নেই। কারণ, যুক্তরাষ্ট্রে গিয়ে নার্গিস আয়ুর্বেদিক চিকিৎসা নিয়েছেন। এরপর নাকি তাঁর শরীরের সব বিষ কেটে যায়। নার্গিস বলেন, ‘আয়ুর্বেদিক চিকিৎসা খুব কাজে দিয়েছে আমার বেলায়। কিছুদিন আগেই আবার পরীক্ষা-নিরীক্ষা করিয়েছি, কিন্তু আর্সেনিকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।’ নার্গিস সাক্ষাৎকারে বলেন, তাঁর মা ক্যানসারের সঙ্গে লড়ছেন। তবে তিনিও আয়ুর্বেদিক চিকিৎসার কারণে এখন অনেকটাই শঙ্কামুক্ত।
সামনেই মুক্তি পাবে নার্গিস অভিনীত ছবি ‘ব্যাঞ্জো’। এতে তাঁকে দেখা যাবে রিতেশ দেশমুখের বিপরীতে। এখন মহাসমারোহে চলছে ছবির প্রচারকাজ। ডিএনএ।