আলির কি বিপদ?

মহা বিপাকে বলিউডের কয়েকজন নির্মাতা। পাকিস্তানি তারকাদের নিয়ে ছবি করেই ঝামেলাটা বেঁধেছে। সিনেমায় পাকিস্তানের কোনো শিল্পী থাকলেই মুক্তির জন্য গুনতে হবে ৫ কোটি রুপি। আর সেই অর্থ চলে যাবে ভারতের সেনাকল্যাণ তহবিলে। এখন উপায়?
পাঁচ কোটি রুপি দণ্ড দেওয়ার থেকে সিনেমা থেকে পাকিস্তানি নায়ক বাদ দেওয়াকেই হয়তো সহজ বলে ভাবছেন গৌরি শিন্ডে। তাঁর আসন্ন ছবি ‘ডিয়ার জিন্দেগি’ ছবির অন্যতম নায়ক আলি জাফর পাকিস্তানি। তবে কি বিপদে পড়তে যাচ্ছেন তিনি? গুজব রটেছে, ছবিটি থেকে তাঁকে বাদ দিতে পারেন পরিচালক। তাঁর পরিবর্তে ‘মারদানি’ সিনেমার অভিনেতা তাহির রাজ ভাসিনকে নেওয়া হতে পারে। একটি সূত্র জানায়, কিছুদিন আগে আলিয়ার সঙ্গে এই ছবির একটি গানের শুটিংয়েও অংশ নিয়েছেন তাহির।
কিন্তু ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তি পাওয়ার কথা নভেম্বরের ২৫ তারিখ। এর মধ্যে কীভাবে পরিচালক নতুন করে ছবির শুটিং করবেন কে জানে? আর এই খবরটাই যে সত্যি সেটাও অবশ্য হলফ করে বলা যাচ্ছে না। কারণ গৌরি শিন্ডে বা এই ছবির অন্য কারও কাছ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে আরও অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর, অঙ্গদ বেদি ও কুনাল কাপুর। বলিউড বাবল।