আলিয়া অবিরাম

বলিউড তারকাদের ‘ড্রিম ট্যুর’ কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে ছিলেন আলিয়া ভাট। তবে ফেরার পরে আর বিশ্রাম নিচ্ছেন না মহেশ ভাটকন্যা। পরবর্তী ছবির শুটিং শুরু করছেন খুব শিগগির।
যুক্তরাষ্ট্রে বরুণ ধাওয়ান, বাদশা, পরিনীতি চোপড়া, ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্রা ও করন জোহরের সঙ্গে ‘ড্রিম ট্যুরে’ ছিলেন এ অভিনেত্রী। এবার সিদ্ধান্ত নিয়েছেন, ফিরে এসেই ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবির সিক্যুয়াল ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র শুটিং শুরু করবেন।
আলিয়ার টুইটেও এমনটা দেখা যায়। টুইটে তিনি লিখেন, ‘আমরা খুবই তাড়াতাড়ি ফিরছি।’ তারপর হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’।
ছবিটি পরিচালনা করবেন শশাঙ্ক খইতান। আলিয়ার সঙ্গে থাকবেন বরুণ ধাওয়ান। এটি এই জুটির তৃতীয় ছবি। এর আগে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ও ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’তে এই জুটিকে দেখা গেছে।
আগামী বছরে ১০ মার্চ ছবিটি মুক্তির কথা আছে। সহপ্রযোজক হিসেবে আছেন করন জোহর। ডিএনএ