আলিয়া ছোট্ট নাসিরুদ্দিন শাহ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে এই প্রজন্মের সেরা অভিনেত্রীদের তালিকায় আলিয়া ভাটের নাম যে বেশ ওপরের দিকে থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেউ চাইলে তাঁর সঙ্গে বলিউডের গুণী অনেক অভিনেত্রীরও তুলনা করতে পারেন। কিন্তু সম্প্রতি এক বিখ্যাত অভিনেতার সঙ্গে তুলনা করা হয়েছে আলিয়াকে। আর তুলনাটি করেছেন তাঁর সহকর্মী সাহিল ভেইদ।

সাহিল ‘বদরিনাথ কি দুলহানিয়া’ ও ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ছবি দুটিতে আলিয়া আর বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করেছেন। বরুণ ও আলিয়া দুজনেরই অনেক প্রশংসা করেন সাহিল। তিনি বলেন, তারকার সন্তান বলে এই দুজনের মধ্যে কোনো অহংকার নেই। তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। এই অভিনেতা আরও যোগ করেন, ‘বরুণ তো প্রাণশক্তিতে ভরপুর। আর আলিয়া আমার কাছে বাচ্চা নাসিরুদ্দিন শাহ।’
নাসিরুদ্দিন শাহ! কিন্তু কেন? আলিয়ার বাবা তো জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট। আর বোন অভিনেত্রী পূজা ভাট। তাহলে নাসিরুদ্দিনের সঙ্গে কেন তাঁর তুলনা?
সেটা সাহিলই ভালো জানেন, কেন তিনি এই কথা বলেছেন। হতে পারে, আলিয়ার অভিনয় প্রতিভার সঙ্গে নাসিরুদ্দিন শাহের অভিনয়ের তুলনা করতে চেয়েছেন তিনি।
‘বদরিনাথ কি দুলহানিয়া’ মুক্তি পাবে মার্চের ১০ তারিখ। এই ছবিতে সাহিল অভিনয় করেছেন বরুণের ছোটবেলার এক ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।