আলিয়া-বরুণের ছবিতে সঞ্জয়?

আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের আগামী ছবি ‘শিদ্দাত’-এ বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তকে দেখা যাবে বলে জোর খবর। এই ছবিতে নাকি বলিউডের ‘বাবা’-কে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সঞ্জয়ের সঙ্গে এ ব্যাপারে ছবির প্রযোজকের প্রাথমিক কথাবার্তাও হয়েছে। শোনা গেছে, বলিউড সুপারস্টারের নাকি ছবিতে তাঁর চরিত্রটা পছন্দও হয়েছে। তবে বিষয়টি তিনি এখনো চূড়ান্ত করেননি।
আলিয়া-বরুণ আবার জুটি বাঁধতে চলেছেন, তা হয়তো সবারই জানা। এই নিয়ে দুই বলিউড তারকাকে রুপালি পর্দায় চতুর্থবার দেখা যাবে। আলিয়া-বরুণের বলিউড অভিষেক একই সঙ্গে হয়। তাঁদের দুজনেরই প্রথম হিন্দি চলচ্চিত্র ছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। এরপর এই জুটিকে দেখা যায় ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ এবং এরই সিক্যুয়েল ছবি ‘বদরিনাথ কি দুলহনিয়া’-তে। অভিষেক বর্মণ পরিচালিত ছবি ‘শিদ্দাত’-এ আলিয়া-বরুণ ছাড়া সঞ্জয়কে অভিনয় করতে দেখার সম্ভাবনা প্রবল। তবে এই ছায়াছবিতে বরুণ ছাড়া অপর নায়ক হিসেবে দেখা যাবে ‘আশিকি’ খ্যাত অভিনেতা আদিত্য রায় কাপুরকে। জানা গেছে, অভিষেক এখনো চিত্রনাট্যের ওপর কাজ করছেন। ধর্মা প্রোডাকশনের ‘শিদ্দাত’ ছবিটির শুটিং শুরু হতে ঢের দেরি আছে। সম্ভবত আগামী বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে।

বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট দুজনেই এখন ব্যস্ত তাঁদের আগামী ছবি নিয়ে। সালমান খান ও কারিশমা কাপুর অভিনীত ব্লকব্লাস্টার ছবি ‘জুড়ওয়া’ ছবির সিক্যুয়েল ‘জুড়ওয়া ২’-তে বরুণ ছাড়া অভিনয় করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ এবং তাপসী পান্নু। ‘বদরিনাথ কি দুলহনিয়া’ খ্যাত অভিনেতা এখন এই ছবির শুটিংয়ে ব্যস্ত। সম্ভবত ‘জুড়ওয়া ২’ চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে।
এদিকে আলিয়ার হাতে এখন তিনটি ছবির কাজ। মেঘনা গুলজারের ‘কলিং সেহমত’ ছবির শুটিং শিগগিরই শুরু হবে। এরপর তিনি শুরু করবেন আয়ান মুখার্জির ‘ড্রাগন’ ছবির কাজ। এই ছবিতে আলিয়ার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুরকে। এ ছাড়া এই বলিউড সুন্দরীকে দেখা যাবে জোয়া আখতারের ‘গাল্লি বয়েজ’ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধতে।