আলিয়াও...দিল হ্যায় মুশকিলে

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আলিয়া ভাটকে। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলিয়া নিজেই সেটা জানিয়েছেন। ছবির একটি দৃশ্যে তিনি হবেন ডিজে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো করণ জোহরের ছবিতে কাজের অভিজ্ঞতা হলো তাঁর। এমনকি বলিউডে তাঁর অভিষেকও এই নির্মাতার হাত ধরে।
এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘ছবিতে আমাকে দেখা যাবে একজন ডিজের ভূমিকায়। আশা করি, বড় পর্দায় ব্যাপারটা দেখতে ভালোই লাগবে। আর করণের সঙ্গে কাজ করতে পারার অভিজ্ঞতাও দারুণ।’
করণ জোহর পরিচালিত আলিয়ার প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ মুক্তি পেয়েছিল ২০১২ সালে। এ পরিচালকের নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পাবে চলতি মাসের শেষে। এতে অভিনয় করেছেন রণবীর কাপুর, আনুশকা শর্মা ও ঐশ্বরিয়া রাই বচ্চন। এ ছাড়া আরও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে। হিন্দুস্তান টাইমস।