আলিয়াকে তাঁর ছবিতে নেবেন না মহেশ!

মহেশ ভাট কি কোনো কারণে তাঁর মেয়ে আলিয়া ভাটের ওপর নাখোশ? নইলে কেন নির্দ্বিধায় বলে দেবেন, আলিয়াকে নিয়ে কোনো ছবি করার কথা ভাবছেন না তিনি?
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে বলিউডে তাঁর পথ চলার শুরু করেছিলেন আলিয়া, তারপর হয়ে উঠলেন ‘তারকা’। নিজের পথ ধরেই এগিয়ে যাচ্ছেন তিনি। আর এদিকে, বক্স অফিস সাফল্যে ঋদ্ধ বহু ভালো ছবি বলিউডকে উপহার দিয়েছেন বাবা মহেশ ভাট। নিজের চেষ্টায় তাঁর এই ‘তারকা’ হয়ে ওঠা মেয়েকে নিয়ে একটি ছবি পরিচালনার কথা ভাবতেই পারতেন তিনি। যেমনটি ভেবেছিলেন আরেক মেয়ে পূজা ভাটের সময়ে। কিন্তু মহেশ ভাট জানিয়েছেন, ‘আলিয়া তাঁর নিজের চলার পথ খুঁজে পেয়েছে। ও এখন তারকা ...। শুধুমাত্র বাণিজ্যিক কারণে তাই ওর সঙ্গে এক হয়ে সিনেমা করার কোনো ইচ্ছে আমার নেই।’
তাঁর ছবিতে আলিয়ার কাজ করার বিষয়ে স্পষ্টভাবেই মহেশ জানিয়ে দিয়েছেন, ‘আমি তো সে সম্ভাবনা একেবারেই দেখছি না।’
কিন্তু কেন তিনি এমন ভাবছেন? সে কথাও জানিয়েছেন মহেশ ভাট, ‘আমি তারকাদের নিয়ে ছবি করার বিপক্ষে নই। কিন্তু নতুনদের সঙ্গে কাজ করা অনেক সহজ বলে মনে করি। আমার ছবিতে যখন নতুনদের নিই, তখন একটা চ্যালেঞ্জ অনুভব করি। ছবি নির্মাণের চেয়ে নতুন কিছু মানুষের ভাগ্য গড়ে দিচ্ছি— এ কথা ভাবতে আমার ভালো লাগে।’
আপাতত তাহলে বাবাকে পরিচালক হিসেবে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই মেয়ে আলিয়া ভাটের! টাইমস অব ইন্ডিয়া।