আলিয়াকে ফিরিয়ে দিলেন হাশমি?

বলিউডে যাকে ‘সিরিয়াল কিসার’ বলা হয়, সেই এমরান হাশমি নাকি সম্প্রতি একটি রোমান্টিক কমেডি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন । কিন্তু চিত্রনাট্য না পড়ে, শুধু নায়িকার নাম শুনেই মুখের ওপরে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ, এই ছবির নায়িকা হিসেবে নির্মাতার পছন্দ আলিয়া ভাট। আর আলিয়ার প্রেমিকের চরিত্রে অভিনয়ের কথা কিছুতেই ভাবতে পারেন না এমরান।
না, আলিয়া ও এমরানের মধ্যে কোন ঝগড়া-বিবাদ নেই। তাহলে কেন আলিয়ার নায়ক হতে চাইছেন না এমরান? কারণ, তিনি যে আলিয়ার ভাই। আপন ভাই না হলেও কাজিন তো! ছোটবেলা থেকে যাঁকে বোনের চোখে দেখে এসেছেন, তার সঙ্গে পর্দায় প্রেমের অভিনয় করা এই অভিনেতার পক্ষে নাকি অসম্ভব। আর নির্মাতারও বলিহারি, কোনো আক্কেলেইবা তিনি বোনের বিপরীতে ভাইকে নায়ক হওয়ার প্রস্তাব দিতে গেলেন? এমরান হাশমির একটি ঘনিষ্ট সূত্র জানায়, এই কারণে নাকি সেই ছবির নির্মাতার ওপর ভীষণ চটেছেন এই ‘মার্ডার’ তারকা।
এমরান অভিনীত ‘রাজ রিবুট’ ছবিটি মুক্তি পাবে আগামীকাল।