আলিয়ার অন্য রকম জন্মদিন

বদরিনাথ কি দুলহানিয়া ছবির সাফল্য উপভোগ করতে করতেই আলিয়া ভাটের জীবনে এল উদ্যাপন করার মতো আরও একটি দিন। গত বুধবার ছিল এই বলিউড অভিনেত্রীর ২৫তম জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরেই তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে এসেছিলেন প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা, নির্মাতা করণ জোহর ও শাহরুখ খান। নিজের জন্মদিন উপলক্ষে আলিয়াও একটি বিশেষ পরিকল্পনা করেছিলেন। গতকাল বৃহস্পতিবার তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ছবির একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেন।
অ্যাঞ্জেল এক্সপ্রেস ফাউন্ডেশন নামের একটি এনজিওকে নিয়মিত সহায়তা করেন আলিয়া। সেই এনজিওর সব সুবিধাবঞ্চিত শিশুকে নিয়েই ভারতের মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে ডিজনি প্রযোজিত বিউটি অ্যান্ড দ্য বিস্ট ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন তিনি। এমা ওয়াটসন অভিনীত এই ছবিটি আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। এটি পরিচালনা করেছেন বিল কনডন।
ছবিটির এই বিশেষ প্রদর্শনীর সময় আলিয়ার সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও কাছের কয়েকজন বন্ধুও উপস্থিত ছিলেন। আইএএনএস।