আলিয়ার জুটি হচ্ছেন না শাহরুখ!

নতুন ছবি বানাতে যাচ্ছেন গৌরি সিন্ধে—এ নির্মাতার পরবর্তী ছবির এমন ঘোষণা আসার পর থেকেই বলিউডে খবর রটেছিল, শাহরুখ খান এবং আলিয়া ভাট তাঁর নতুন ছবির মূল চরিত্রে অভিনয় করবেন। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, আলিয়ার জুটি হিসেবে নয়; শাহরুখ খান এ ছবিতে বড়জোর অতিথি অথবা বিশেষ কোনো (ক্যামিও) চরিত্রে অভিনয় করতে পারেন।
যদিও কিছুদিন আগে খবর প্রকাশিত হয়েছিল যে, ‘ইংলিশ ভিংলিশ’ নির্মাতা গৌরি সিন্ধের পরবর্তী সিনেমায় জুটিবদ্ধ হচ্ছেন শাহরুখ-আলিয়া। অবশ্য, প্রথমে ‘কিং খান’ শাহরুখের জুটি হতে কিছুটা নারাজ ছিলেন আলিয়া ভাট। বলিউডের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এমন খবরও প্রকাশ করেছিল, আলিয়া ভাট ও শাহরুখ খান একসঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন গৌরি সিন্ধের পরবর্তী ছবিতে।
অবশ্য, বড়পর্দায় ২২ বছরের আলিয়ার সঙ্গে ৪৯ বছরের শাহরুখের গতানুগতিক প্রেম কাহিনি দেখানো হবে না—এ বিষয়টি নির্মাতা গৌরি সিন্ধে আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন। কিন্তু ছবির চিত্রনাট্য দেখে শাহরুখ ও তাঁর বয়সের ব্যবধানের কারণে বেশ ঘাবড়েই গিয়েছিলেন আলিয়া। শাহরুখের সঙ্গে জুটি হলে সে জুটির রসায়ন কেমন হবে তা নিয়েও বেশ চিন্তিত ছিলেন তিনি। পরে অবশ্য শেষপর্যন্ত নির্মাতা গৌরী সিন্ধে তাঁকে বোঝাতে সক্ষম হন। আলিয়াও বুঝতে পারেন, এই ছবি এবং শাহরুখের সঙ্গে অভিনয়—তাঁর ক্যারিয়ারের জন্য এক মাইলফলক হতে পারে।
এদিকে, ঠিক যখন শাহরুখের সঙ্গে জুটি হতে আলিয়া রাজি হয়েছেন এমন বাস্তবতায় এ ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, এ ছবিতে আলিয়া ভাটের জুটি হিসেবে নয়, শাহরুখ খান অভিনয় করবেন ছবির একটি (ক্যামিও) বিশেষ চরিত্রে। জানা গেছে, গৌরি সিন্ধের নতুন এই ছবিটি নারীকেন্দ্রিক, এখানে তিনজন পুরুষ চরিত্রকে নায়কের ভূমিকায় দেখা যাবে।
সূত্রটি আরও জানিয়েছে, ‘এ ছবির তিন নায়কের মধ্যে একজন দক্ষিণী ছবির নায়ক। ছবির মূল চরিত্রে কারা কাজ করছেন তা এখনো গোপন রাখা হয়েছে।’
‘ইংলিশ ভিংলিশ’ এর পর গৌরি সিন্ধের এটি দ্বিতীয় কাজ। সেটিও ছিল একটি নারীকেন্দ্রিক চলচ্চিত্র। আর নাম ঠিক না হওয়া এই নতুন ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং ধর্ম প্রডাকশন। টাইমস অব ইন্ডিয়া।