আলিয়ার নতুন পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
ফেসবুক থেকে

নতুন পথে হাঁটছেন আলিয়া ভাট। আর তর সইছে না। শিগগিরই জানান দিতে হবে। ইনস্টাগ্রামে ছবি দিয়ে নিজের নতুন পরিচয় দিলেন 'রাজি'খ্যাত অভিনেত্রী।
ছবির ক্যাপশনে লিখেছেন, '“ডার্লিং” এর প্রথম দিন। প্রযোজক হিসেবে আমার প্রথম ছবি হলেও সবার আগে আমি একজন অভিনেতা। এবার তো একটু বেশি নার্ভাসও। জানি না কেন, প্রত্যেকবারই নতুন সিনেমার শুটিংয়ের আগের রাতে আমি নার্ভাস হয়ে পড়ি। সারা রাত ধরে ভাবি, কাল হয়তো সব সংলাপ গুলিয়ে ফেলব।

আলিয়া ভাট
ইনস্টাগ্রাম

পরদিন সেটেও পৌঁছাই কল টাইমের ১৫ মিনিট আগে। কারণ ভয় হয়, যদি দেরি হয়ে যায়! আমার মনে হয়, এই অনুভূতিটা কখনো যাবে না। আর চলে যাওয়াও উচিত নয়। কারণ, কোনো কিছু নিয়ে নার্ভাস ও অনিশ্চিত থাকা মানেই সে বিষয়ে যত্নশীল হওয়া।'
তার মানে এখন আলিয়া প্রযোজকও। ছবির নাম জানাই গেল, 'ডার্লিং'।

আলিয়া ভাট
ইনস্টাগ্রাম

ছবিতে অভিনয়ও করেছেন আলিয়া। মুম্বাইয়ের এক নিম্নমধ্যবিত্ত পরিবারের গোঁড়ামি নিয়ে এই ছবি। তার মধ্যেই উঠে এসেছ মা এবং মেয়ের এক ভিন্ন সম্পর্কের সমীকরণ। যশমীত কে রীন পরিচালিত 'ডার্লিং' ছবিতে আলিয়ার মা শেফালি শাহ। অন্য মূল চরিত্রে আছেন অভিনেতা বিজয় ভার্মা।

শাহরুখ খান ও আলিয়া ভাট
ইনস্টাগ্রাম

ছবিটি নিয়ে যে আলিয়া রোমাঞ্চিত, তা তার ইনস্টাগ্রামে দেওয়া ছবি দেখেই বোঝা যায়। কোনো ছবিতে আলিয়া দারুণ মনোযোগী। পড়ছেন পাণ্ডুলিপি। কোনো ছবিতে দেখা গেল বসে আছেন আয়নার সামনে। সবগুলো ছবিই সাদাকালো।
প্রযোজনার পথে আগেই হেঁটেছেন দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, অনুশকা শর্মারা। এবার সেই দলে ভিড়ে গেলেন আলিয়া ভাটও।
বলে রাখা ভালো, 'ডার্লিং'–এর আরেক প্রযোজক শাহরুখ খান। ছবিটির সঙ্গে কাজ করছে কিং খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট।