আলিয়ার 'কাব্যিক' পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

সাদারঙা জামাটি হঠাৎ দেখলে মনে হয়, তাতে কেউ বুঝি অহেতুক আঁকিবুঁকি করে দিয়েছে। কিন্তু না; একটু মন দিয়ে দেখলেই বোঝা যায়, তাতে লেখা প্রতিটি কথাই দারুণ তাৎপর্যপূর্ণ। কারণ, প্রতিটি লেখার সঙ্গেই জড়িয়ে আছে অনেক অনেক আবেগ আর ভালোবাসা। আলিয়া ভাট গতকাল একটি অনুষ্ঠানে পরেছিলেন এমনই একটি ‘কাব্যিক’ গাউন। সে গাউনের পুরোটা জুড়েই ছিল শুধু কবিতা আর মাঝেমধ্যে দু-একটা হাতে আঁকা ছবি। গাউনের কবিতা আর ছবিগুলো কোনো ডিজাইনার সেখানে এমনি এমনিই বসিয়ে দেননি। অনেক চিন্তাভাবনা করেই পোশাকে বসানো হয়েছে কবিতাগুলো। পোশাকে সাঁটা সবগুলো কবিতাই আলিয়ার জন্য এবং আলিয়াকে নিয়ে লেখা। আর এসব লিখেছেন আলিয়ার ভক্তরা।
ঘটনা হলো, আলিয়ার নতুন ছবি ‘শানদার’ এর প্রচারের অংশ হিসেবে এই বিশেষ পোশাকটি নকশা করা হয়েছে। পোশাকটির নাম দেওয়া হয়েছে ‘শানদার ডুডল ড্রেস’। এ পোশাক বানানোর জন্য রীতিমতো আয়োজন করা হয়েছিল একটি প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতার নিয়ম ছিল আলিয়া ভক্তদের লিখতে হবে ‘শানদার আলিয়া’ বিষয়ক কবিতা। সেই প্রতিযোগিতায় জমে পড়ে অনেক অনেক কবিতা। সেখান থেকে বাছাই করা কবিতা নিয়েই এই পোশাকে তা ছাপানো হয়। এবং সেই পোশাকটি পরেই আলিয়া অংশ নেন শানদার ছবির ‘সাম শানদার’ গানের প্রকাশ অনুষ্ঠান।
‘সাম শানদার’ গান প্রকাশ অনুষ্ঠানে যাওয়ার আগে টুইটারে ‘শানদার ডুডল ড্রেস’-এর এক ঝলক প্রকাশ করে যান আলিয়া ভাট। তা ছাড়া অনুষ্ঠানে গিয়ে এই পোশাক নিয়ে বেশ কিছুক্ষণ কথাও বলেন আলিয়া। ছবিতে আলিয়ার সহশিল্পী শহীদ কাপুর। তিনিও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। তিনি ভক্তদের উদ্দেশে আলিয়ার জামায় ছাপা হওয়া কয়েকটি কবিতা পড়েও শোনান।
এখন টুইটারে আলিয়া-ভক্তদের মধ্যে এই ‘শানদার ডুডল ড্রেস’ নিয়ে চলছে বেশ মাতামাতি। অর্থাৎ বলাই যায় দারুণ সফল এবং অভিনব এক প্রচার কৌশলই দেখালেন আলিয়া। একে বলা যায় আলিয়ার ‘শানদার’ প্রচার কৌশল! ফিল্মফেয়ার।