আলোকচিত্রীকে আঘাত করলেন রণবীরের দেহরক্ষী

অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক ‘দত্ত’তে অভিনয় করছেন রণবীর কাপুর। পর্দার বাইরে বাস্তবেও আজকাল সঞ্জয়ের মতো মেজাজ দেখাতে শুরু করেছেন রণবীর। ইদানীং হুট করেই রেগে যাচ্ছেন এই ‘বরফি’ অভিনেতা। সম্প্রতি একটি সংবাদ সংস্থার আলোকচিত্রীর সঙ্গে রণবীরের দেহরক্ষী ঝামেলা বাধিয়েছিলেন। সেই ঘটনার পর আলোকচিত্রীর কাছে ক্ষমা না চেয়ে রণবীর উল্টো হুমকি দেন।
কয়েক দিন আগে রণবীর কাপুর ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার সময় কয়েকজন আলোকচিত্রী অনুমতি না নিয়ে তাঁর ছবি তোলার চেষ্টা করেন। কিন্তু সেদিন একেবারেই ছবি তোলার মুডে ছিলেন না এই নায়ক। তো এই বিষয়টি ভালোভাবে আলোকচিত্রীকে বুঝিয়ে বললেই হতো। তা না করে রণবীরের দেহরক্ষী সেই আলোকচিত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। আর এ অভিনেতার গাড়িচালকও গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে সেই ব্যক্তিকে আঘাত করেন। একটি সূত্র জানায়, সে সময় রণবীর এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপই করেননি।
এর কিছুদিন পর বিমানবন্দর থেকে রণবীর বের হওয়ার সময় পাপারাজ্জিরা তাঁকে ঘিরে ধরলে গাড়িচালক এসে লাগেজ ট্রলি দিয়ে তাঁদের আঘাত করেন। ঘটনার পর রণবীর ক্ষমা তো চাননি বরং বলতে থাকেন, ‘মনে নেই, তোমরা দুই দিন আগেই মাত্র কী করেছিলে?’
‘দত্ত’ সিনেমায় সঞ্জয় দত্তের জীবনের ভিন্ন ভিন্ন লুকে দেখা যাবে রণবীরকে। পরিচালক থেকে শুরু করে ইউনিটের সবাই এই সিনেমায় রণবীরের লুক গোপন রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এ জন্যই কিনা রণবীরের আজকাল আলোকচিত্রীদের প্রতি ‘অ্যালার্জি’ দেখা দিয়েছে। বলিউড বাবল।