আলোকচিত্রীদের ধাওয়া দিলেন রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর
রণবীর কাপুর

রাগে উন্মত্ত হয়ে একদল আলোকচিত্রীকে ধাওয়া দিলেন রণবীর কাপুর। তাঁর ধাওয়া খেয়ে পড়িমড়ি করে ছুট লাগালেন আলোকচিত্রীরা। আর ধরতে না পেরে অকথ্য ভাষায় গালাগাল বেরোলো রণবীরের মুখ থেকে। শুধু তা–ই নয়, দৌড়ে পালানোর সময় আলোকচিত্রীদের ফেলে যাওয়া ক্যামেরাসহ অন্য যন্ত্রপাতি নিয়ে নিলেন রণবীর। এটা কোনো ছবির দৃশ্য নয়। সম্প্রতি বাস্তবেই এমন কাণ্ড ঘটিয়েছেন বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের সন্তান বরফি তারকা রণবীর কাপুর।
গত বছরের ডিসেম্বরে এক সংবাদকর্মীর ক্যামেরা কেড়ে নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন। সম্প্রতি আবারও একই ধরনের কাণ্ড ঘটালেন ৩২ বছর বয়সী এ তারকা অভিনেতা। বলিউডের আলোচিত তারকাযুগল রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফের ব্যক্তিগত জীবনের নানা হাঁড়ির খবর বের করতে সব সময়ই ওত পেতে থাকেন সংবাদকর্মীরা। শুধু তা–ই নয়, বহুবার এ জুটির দিকে ক্যামেরা তাক করেছেন আলোকচিত্রীরা। লুকিয়ে ইবিজা সমুদ্রসৈকতে রণবীর-ক্যাটের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে তা ফাঁস করে দেওয়ায় বেজায় চটেছিলেন রণবীর-ক্যাটরিনা। ব্যক্তিগত জীবনে বাড়াবাড়ি রকমের হস্তক্ষেপের কারণে বরাবরই আলোকচিত্রীদের একদম সহ্য করতে পারেন না রণবীর।
কিছুদিন আগে প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিয়ে এক বাড়িতে উঠেছেন রণবীর। মুম্বাইয়ের কার্টার রোডের ওই বাড়িকে ঘিরে এখন আলোকচিত্রীদের ব্যাপক আগ্রহ। একসঙ্গে বাসায় ঢোকার সময় কিংবা বের হবার সময় রণবীর-ক্যাটকে ক্যামেরাবন্দী করার জন্য ওত পেতে থাকছেন তাঁরা। এরই মধ্যে নতুন বাড়িতে এই জুটিকে ক্যামেরাবন্দী করতে পেরেছেন তাঁরা। সেই ছবি প্রকাশিতও হয়েছে।
সম্প্রতি একসঙ্গে কার্টার রোডের বাসায় ঢুকছিলেন রণবীর-ক্যাটরিনা। সে সময় একদল আলোকচিত্রী তাঁদের ছবি তুলতে শুরু করেন। বিষয়টি লক্ষ্য করে বেজায় চটে যান রণবীর। একপর্যায়ে আলোকচিত্রীদের দিকে তেড়ে যান তিনি। তাঁর রুদ্রমূর্তি দেখে ভয়ে ছুটে পালান আলোকচিত্রীরা। কিছুক্ষণ ধাওয়া দিয়ে তাঁদের ধরতে না পেরে অকথ্য ভাষায় গালাগাল করেন রণবীর। তিনি আলোকচিত্রীদের ধরতে না পারলেও তাঁদের ফেলে যাওয়া ক্যামেরা ও যন্ত্রপাতি নিয়ে নেন। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
ঘটনার এখানেই শেষ নয়। আলোকচিত্রীদের বহনকারী গাড়ির চালককে ধরতে পেরে রণবীর তাঁকে তাঁর সঙ্গীদের ডেকে আনতে বলেন। তখন রণবীরের কাছে ক্ষমা চান ওই গাড়ি চালক। তিনি রণবীরকে জানান, চাকরিতে নতুন যোগ দিয়েছেন তিনি এবং কাজের প্রথম দিনেই এমন ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।