আলোর কত রূপ
বাবা প্রকাশ পাড়ুকোন মেয়ের নামটা রেখেছেন বড় জুতসই—দীপিকা। সত্যিই তাঁর আলোয় উজ্জ্বল বলিউড। সে আলো পৌঁছেছে হলিউড পর্যন্ত। কাকতালীয় নাকি পরিকল্পিত, জানা যায়নি; তবে দীপিকার পরিবারে অন্য সদস্যদের নামেও এই আলো বর্তমান। দীপিকার নামের অর্থ যেমন আলো, তেমনি বাবা প্রকাশ পাড়ুকোনের নামের অর্থও একই। সংস্কৃত প্রকাশা থেকে প্রকাশ। অর্থ উজ্জ্বল আলো। আর মা উজালার নামের অর্থ কি বলে দিতে হবে?
উজ্জ্বল অথবা আলোয় পরিপূর্ণ। বোন আনিশার নামও আলোর সঙ্গে সম্পর্কিত। আনিশা মানে এমন কিছু, যা অন্ধকার দূর করে। অর্থাৎ ঘুরেফিরে আলোই।
নামের মধ্যে যেমন একটা আলোর ঝলকানি, পরিবারটিও আলোকময়। দীপিকা পাড়ুকোন বলিউডের শীর্ষ নায়িকাদের একজন। বোন আনিশা পাড়ুকোন জনপ্রিয় গলফ খেলোয়াড়। দেশে-বিদেশে নিজের নাম উজ্জ্বল করেছেন। বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। দীপিকার মা–ও একজন কর্মজীবী। একটি ট্রাভেলস কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা।
এই মুহূর্তে বেশ ব্যস্ত দীপিকা। কোভিড–পরবর্তী শুটিংয়ের কাজে নেমে পড়েছেন। তাঁর সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন সব বড় তারকা।
রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা আসতে চলেছেন ‘এইটিথ্রি’ সিনেমায়। শাহরুখ খানের সঙ্গে তাকে ‘পাঠান’ ছবিতে দেখা যাবে । হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধে ‘ফাইটার’ ছবিতে আসছেন । এ ছাড়া প্রভাসের নায়িকা হিসেবে তাঁকে এক প্যান ইন্ডিয়া ছবিতে দেখা যাবে। ‘দ্য ইন্টার্ন’-এর রিমেকে আছেন দীপিকা । এই ছবিতে তাঁর সঙ্গে আছেন অমিতাভ বচ্চন। এ ছাড়া এক হলিউড ছবির কথা ঘোষণা করেছেন দীপিকা।
শিগগিরই বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রতিবেশী হতে যাচ্ছেন দীপিকা। মহারাষ্ট্রের দামি এবং অভিজাত এলাকা আলীবাগে বাংলো কিনেছেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন দম্পতি।
গত সোমবার দীপিকা আর রণবীর সিংকে স্থানীয় রেজিস্ট্রেশন অফিসে দেখা গেছে। শোনা যাচ্ছে, আলীবাগে পাশাপাশি বিশাল দুটো বিলাসবহুল বাংলো কিনেছেন এই তারকা দম্পতি। বাংলোর সঙ্গে আছে বিশাল বাগান আর সারি সারি সুপারি ও নারকেল গাছ। তাঁদের বাংলোটি সমুদ্রসৈকতে অবস্থিত। আলীবাগ শুধু মহারাষ্ট্রের নয়, ভারতের সবচেয়ে দামি এলাকাগুলোর একটি। এখানে শাহরুখ খানের একটি অভিজাত খামারবাড়ি আছে।