আশা ভোসলেকে পথ দেখালেন স্মৃতি ইরানী

দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের লালগালিচা বিছানো আঙিনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আমন্ত্রিত ছিলেন ছয় হাজার দর্শক। তাঁদের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পড়ালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এত বড় অনুষ্ঠান আর বলিউড থাকবে না, তাই কি হয়? সেখানে বলিউড তারকাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে।
অনুষ্ঠান শেষে বের হওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায়। এর মধ্যে রাত নয়টার দিকে পথ হারিয়ে ফেলেন এই বরেণ্য সংগীত তারকা। ৮৫ বছর বয়সী কিংকর্তব্যবিমূঢ় আশা ভোসলে বুঝতে পারছিলেন না কোন দিকে যাবেন। দিশেহারা আশা ভোসলেকে সেই মুহূর্তে কেউ সাহায্য করতেও এগিয়ে আসেননি। এ ঘটনা চোখে পড়ে গুজরাটের প্রতিনিধি, ভারত সরকারের উন্নয়নমন্ত্রী অভিনেত্রী স্মৃতি ইরানী। তিনি তাৎক্ষণিকভাবে আশাকে সাহায্য করতে এগিয়ে আসেন। শিরোনামে যে পথ দেখানোর কথা লেখা হয়েছে, সেটা আক্ষরিক অর্থেই। আশাকে পথ দেখিয়ে নিয়ে যান। শুধু তা-ই নয়, তাঁকে নিরাপদে বাড়িতে ফেরার ব্যবস্থাও করেন স্মৃতি ইরানী।
বাসায় ফিরেই ৪৭ বছর বয়সী এই রাজনীতিবিদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি পদ্মভূষণ পাওয়া এই সংগীতশিল্পী। টুইটারে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভয়াবহ লোকসমাগমের ভেতর আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে ছিলাম। আমার দুরবস্থা দেখে স্মৃতি ইরানী ছাড়া ওই মুহূর্তে আর কেউ এগিয়ে আসেনি। তিনি আমাকে পথ দেখিয়ে বের করে আনেন এবং নিরাপদে বাসায় পৌঁছানোর ব্যবস্থাও করে দেন। তিনি সবার খেয়াল রাখেন। আর এ জন্যই তিনি জয়ী হয়েছেন।’
নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আশা ভোসলে ছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেক তারকা। দিল্লিতে এই অনুষ্ঠানে দেখা মেলে রজনীকান্ত, অনুপম খের, করণ জোহর, সুকান্ত সিং রাজপুত, কঙ্গনা রনৌত, শহিদ কাপুর, রাজকুমার হিরানি, সানি দেওল, কপিল শর্মার মতো প্রথম সারির বলিউড তারকাদের।