আশার পছন্দ প্রিয়াঙ্কা

জীবনীভিত্তিক ছবিতে নিজের চরিত্রে অভিনয় করার জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে বেছে নেবেন শিল্পী আশা ভোসলে। ৮৩তম জন্মদিন পালনের এক অনুষ্ঠানে এমন কথা বলেন আশা ভোসলে।
গতকাল বৃহস্পতিবার আশা ভোসলের জন্মদিন উপলক্ষে ‘টাইমলেস আশা’ শীর্ষক কনসার্ট আয়োজিত হয়। সেখানে আশা ভোসলে বলেন, ‘শিল্পী হিসেবে আমার চরিত্রে অভিনয়ে প্রিয়াঙ্কা চোপড়া সবচেয়ে উপযুক্ত। একজন শিল্পী হওয়ার অভিনয়ে সে সবচেয়ে ভালো করতে পারবে।’ তাঁর জীবনী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনি লেখা শেষ করেছেন।
এরপরে আশা তাঁর জীবনের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণা করেন। তাঁর স্বামী বিখ্যাত সংগীত পরিচালক আর ডি বর্মণের জীবনীভিত্তিক ছবির কথা জিজ্ঞাসা করা হলে আশা বলেন, ‘তাঁকে নিয়ে অবশ্যই ছবি বানানো উচিত। তাহলে মানুষ তাঁর গান শোনার একটি সুযোগ পাবে। যদি তাঁর জীবনীভিত্তিক ছবি তৈরি হয়, তবে তাঁর অপ্রকাশিত ও হারিয়ে যাওয়া গানগুলো সবার সামনে আসতে পারবে।’
স্মৃতিচারণায় তিনি আরও বলেন, ‘যখন আমি “আজা আজা” গানটি রেকর্ড করি, তখন আর ডি বর্মন, মোহাম্মদ রফি সাহেবের চেয়ে ভালো গাওয়ার জন্য আমাকে ৫০০ রুপি পুরস্কার দেন। কে ভালো করবে, তার ওপর পঞ্চম (আর ডি বর্মণ পঞ্চম নামে পরিচিত ছিলেন) বাজি ধরেছিল।’
আশা তাঁর মা ও স্বামী আর ডি বর্মণের সঙ্গে জন্মদিন পালনের কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে যান। আশা বলেন, ‘যখন আমি ছোট ছিলাম, আমার মা জন্মদিনে আমাকে তাঁর বানানো মিষ্টি খাওয়াতেন। বিয়ের পরে পঞ্চম আমাকে বিশেষ উপহার দিত। আমি রান্না করতে ভালোবাসি। ও রান্না–সংশ্লিষ্ট বিভিন্ন উপহার দিত।’
আশা বলেন, ‘প্রতিদিন আমি যখন জেগে উঠি, এটা আমার কাছে জন্মদিনই মনে হয়। কেউ ভবিষ্যৎ সম্পর্কে জানে না। অতএব আমি প্রতিটি দিন ভিন্নভাবে কাটাতে চেষ্টা করি। নিজেকে ভালো রাখার চেষ্টা করি।’
জন্মদিনে বড় বোন লতা মঙ্গেশকর আশাকে শুভকামনা জানিয়েছেন। আশা বলেন, ‘লতা দিদির শুভকামনা আমার জন্য সবচেয়ে বড় উপহার।’ মিড ডে