আসছে 'কৌন বনেগা ক্রোড়পতি'

আবার শুরু হতে যাচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)। ৩ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠানটির দশম মৌসুম শুরু হচ্ছে। প্রতিবারের মতো এবারও জনপ্রিয় এই টিভি অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। নতুন কী আছে এবারের কৌন বনেগা ক্রোড়পতিতে? এ প্রশ্নের জবাব জানাতেই গত মঙ্গলবার ভারতীয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। তাতে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনও।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কেবিসির থিম হলো ‘কব তক রোকোগে’ (কতক্ষণ দমিয়ে রাখবে)। এবারের মৌসুমে এমন কয়েকজন অদম্য প্রতিযোগী অংশ নেবেন অনুষ্ঠানে, যাঁদের কোনো প্রতিকূলতা পড়াশোনায় বাধা তৈরি করতে পারেনি। এমনকি প্রতি শুক্রবার কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে এমন কিছু ব্যক্তি উপস্থিত থাকবেন, যাঁদের কর্মকাণ্ড সমাজে অনেক পরিবর্তন এনেছে। তাই শুক্রবারের এ পর্বটির নাম রাখা হয়েছে ‘করমবীর’।
১৮ বছর ধরে কেবিসির সঙ্গে জড়িয়ে আছেন বিগ বি। অমিতাভ বচ্চন কেবিসি প্রসঙ্গে বলেন, ‘এই মঞ্চে আমি অনেক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি। অনেকের জীবনযুদ্ধের কাহিনি শুনেছি। এরা আমাকে উদ্বুদ্ধ করেছে।’ সিনেমাজগতের কোন কোন অভিনেত্রী তাঁকে উদ্বুদ্ধ করেছেন, তার জবাবে অমিতাভ বচ্চন বলেন, ‘ওয়াহিদা রহমান, নূতন, মীনা কুমারী, সাবিত্রী তাঁরা অদ্ভুত ভালো অভিনেত্রী। আমি তাঁদের ফ্যান। এ প্রজন্মের অভিনেতারাও আমাকে অবাক করে। আলিয়া, আনুশকা, দীপিকা-এরা প্রত্যেকেই দারুণ কাজ করে। রণবীর, বরুণ, রাজকুমার রাও, সুশান্ত প্রত্যেকেই মেধাবী। এমনকি সোনু কে টিটু কি সুইটি ছবির কার্তিক আরিয়ানকেও আমার ভালো লেগেছে।’
নাতনি আরাধ্যর সঙ্গে বাড়িতে কেবিসি খেলা হয় কি না, জানতে চাইলে বলিউডের এই কিংবদন্তি মজা করে বলেন, ‘না, এখনো খেলা হয়নি। এবার থেকে খেলব ভাবছি।’
কেবিসি অনুষ্ঠানটিতে বরাবরই শুদ্ধ হিন্দি আর ইংরেজি ভাষায় কথা বলতে হয় বিগ বিকে। বাড়িতে সাধারণত কোন ভাষায় কথা বলা হয়? অমিতাভ বচ্চন বলেন, ‘আমার বাড়িতে বাংলা, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি-সব ভাষাতেই কথা বলা হয়। আমরা ইউনিভার্সাল ভাষায় কথা বলি। আমাদের বাড়িতে দক্ষিণের মানুষ আছে, আবার বাংলারও আছে।’