আসছেন অমিতাভ-হৃতিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন, বচ্চন জুনিয়র অভিষেক ও হৃতিক রোশন
অমিতাভ বচ্চন, বচ্চন জুনিয়র অভিষেক ও হৃতিক রোশন

বলিউড মাতানো ‘ধুম’ ছবির নতুন সিক্যুয়েল ‘ধুম ৪’ আসছে। এ ছবির পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য্য জানিয়েছেন, শিগগিরই আসছে ‘ধুম ৪’। আর সবচেয়ে বড় খবর হচ্ছে— ‘ধুম ৪’ ছবিতে হৃতিকের সঙ্গে থাকছেন বলিউডের ‘মেগা স্টার’ অমিতাভ বচ্চন।

এর আগে ‘ধুম ৩ ’ ছবিটি বিশ্বের মোট ৫ হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। আর মুক্তির প্রথম সাত দিনে ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে এ ছবি আয় করেছিল ২৯৪ কোটি ২৬ লাখ রুপি। কেবল ভারতেই ‘ধুম ৩’ আয় করেছিল ১৮৮ কোটি ৯৮ লাখ রুপি। এবারে আবারও বক্স অফিস কাঁপাতে আসছে ধুম ৪।


এর আগের ‘ধুম’ সিক্যুয়েলগুলোতে ছবির পাত্রপাত্রী নির্বাচনে চমক ছিল। তবে এবারে সবচেয়ে বড় চমক হিসেবে এতে থাকছেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। এ ছবির সিক্যুয়েলের এক অবিচ্ছেদ্য অংশই যেন হয়ে গেছেন বচ্চন জুনিয়র অভিষেক। ধুম ৪ ছবিতেও তাঁর পর্দা উপস্থিতি সবাইকে আনন্দ দেবে। থাকছেন হৃতিক রোশন। কিন্তু ‘ধুম’ সিক্যুয়েলের এবারের সবচেয়ে বড় ‘ম্যাজিক’ হিসেবে সম্ভবত কাজ করবে অমিতাভ বচ্চনের উপস্থিতি।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘ধুম ৪’ ছবিটি নিয়ে ঠিক কোথায় যাচ্ছেন বিজয়, এটা এখনো স্পষ্ট না হলেও এরই মধ্যে এই ছবির জন্য অমিতাভ এবং হৃতিক রোশনকে যে তিনি চূড়ান্ত করে ফেলেছেন; সে বিষয়টি নিশ্চিত।

এই সিক্যুয়েলের প্রথম ছবি ‘ধুম’ মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। ‘ধুম’ ছবিতে ছিলেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, রিমি সেন, এষা দেওল প্রমুখ। প্রথম ছবির সাফল্যের ২ বছর পর এসেছিল ‘ধুম ২ ’। এ ছবিতে ছিলেন হৃতিক, ঐশ্বরিয়া, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, বিপাশা বসু। এরপর যশ রাজ ফিল্মস এনেছিল তাদের ‘ধুম’ সিক্যুয়েলের তৃতীয় ছবি— ধুম ৩। এই সিক্যুয়েলের প্রথম দুটি ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন সঞ্জয় গাদভি। ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছিলেন বিজয় কৃষ্ণ আচার্য। এরপর ‘ধুম ৩’ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লেখার পাশাপাশি ছবি পরিচালনাও করেছিলেন ‘তাশান’ ছবির নির্মাতা বিজয় কৃষ্ণ। আর এবারে ‘ধুম ৪’ ছবি নিয়ে আসছেন বিজয়। এনডিটিভি।ওয়ান ইন্ডিয়া। ইন্দো-এশিয়ান নিউজ।