আসল ক্রিকেটারদের সঙ্গে শহীদ কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চণ্ডীগড়ের স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম
চণ্ডীগড়ের স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

‘জার্সি’ ছবিতে বলিউড তারকা শহীদ কাপুরকে দেখা যাবে একজন ক্রিকেটারের ভূমিকায়। শুটিংয়ের জন্য বর্তমানে চণ্ডীগড়ে আছেন শহীদ কাপুর। স্ত্রী মীরা কাপুরও উড়ে গেছেন শহীদকে সঙ্গ দিতে। সেখানেই স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়েছেন শহীদ কাপুর। তাঁদের সঙ্গে ক্রিকেট নিয়ে আলাপও করেছেন। বড় পর্দায় ভালো ক্রিকেটার হওয়ার জন্য পরামর্শও নিয়েছেন। চণ্ডীগড়ে তখন তাপমাত্রা ছিল মাত্র ৫ ডিগ্রি সেলসিয়াস। তাই ছবিতে যে শহীদ কাপুরকে আপাদমস্তক শীতের পোশাকে দেখা গেছে, সেটিই স্বাভাবিক।

২০১৯ সালের ২১ জুন মুক্তি পেল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ‘অর্জুন রেড্ডি’র রিমেক ‘কবির সিং’। নানা বিতর্ক ছাপিয়ে শহীদ কাপুর অভিনীত ছবিটি বক্স অফিসে তুলে আনল প্রায় ৩৮০ কোটি রুপি। ২০১৯ সালের সর্বাধিক অর্থ উপার্জনকারী ছবির তালিকায় ছবিটির অবস্থান দ্বিতীয়। আর বলিউডের সর্বকালের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী ছবির তালিকায় ‘কবির সিং’ দশম অবস্থানে। তাই পরবর্তী ছবিতেও ‘কবির সিং’ শহীদ কাপুর অভিনয় করবেন দক্ষিণ ভারতীয় ছবি ‘জার্সি’র রিমেকে।

কদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না শহীদ কাপুরের। চিকিৎসক নাকি তাঁকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। সে জন্যই স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নাচার কথা থাকলেও নাচেননি তিনি। এমনকি অনুষ্ঠানের মাঝখানেই বের হয়ে যান। অবশ্য পুরস্কার পাননি বলেই এ রকম আচরণ করেছেন শহীদ—এমন খবর প্রকাশ করেছে গণমাধ্যম। ‘জার্সি’র শুটিং তাই এক সপ্তাহ পিছিয়ে শুরু হয়েছে।

‘জার্সি’ সিনেমার শুটিংয়ের আগে অনুশীলনে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম
‘জার্সি’ সিনেমার শুটিংয়ের আগে অনুশীলনে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

এই ছবিতে প্রথমবারের মতো শহীদ কাপুর জুটি বাঁধবেন ‘সুপার থার্টি’-খ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে। পঙ্কজ কাপুরকেও দেখা যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে। ২০২০ সালের ২৮ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ‘জার্সি’। ছবিতে দেখা যাবে সন্তানের জন্মদিনে ৫০০ রুপির জার্সি কিনে দিতে না পারা এক বেকার বাবার অসহায়ত্বের গল্প, ক্রিকেট আর নারীর ভালোবাসার গল্প, ক্রিকেট ছেড়ে দেওয়ার গল্প, ক্রিকেটে ফেরার গল্প, অসুখের সঙ্গে গোপন লড়াইয়ের গল্প, মৃত্যুর গল্প। পর্দায় সেই বাবা হবেন শহীদ কাপুর।

শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম
শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

২০১৯ সালের ১৯ এপ্রিল মুক্তি পেয়েছে তেলেগু ভাষার ‘জার্সি’। ছবিটি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র হিসেবে দারুণ ব্যবসা করে। আয় করে অর্ধ কোটি রুপির বেশি।