আসল নামে পরিচয় নয়: ১ম পর্ব
‘নামের বড়াই করো নাকো নাম দিয়ে কী হয়, নামের মাঝে নেইকো ওগো সবার পরিচয়...’ নামের মাঝে পরিচয় নেই বরং কাজের মাঝেই পরিচয়, এ কথা জ্ঞানী-গুণীরা যতই বলে থাকুন না কেন, নাম কামানোর জন্যই মানুষের কত-না প্রচেষ্টা। বলিউডে অনেক তারকা হয়তো আপনারই প্রিয় শিল্পীর তালিকায় আছেন, মানুষটি হয়তো বুড়ো হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অথচ আপনি তাঁর আসল নামটিই জানলেন না এ জীবনে। এমনই কিছু তারকার আসল নামটি আজ জেনে রাখুন প্রথম আলোর বিনোদনের সঙ্গে থেকে।

ইউসুফ হলেন দিলীপ: খান পরিবারের সন্তান তিনি। তখন অবশ্য খানদের দাপট ছিল না বলিউডে। পথটাও ছিল বন্ধুর। তাই বলিউডে পা রেখেই মহম্মদ ইউসুফ খান বেমালুম হয়ে গেলেন দিলীপ কুমার। এ নামেই পেলেন যশখ্যাতি।

অমিতাভের আসল নামটা অদ্ভুত: বলিউড কিংবদন্তি অমিতাভের আসল নামটি শুনলে হয়তো তাঁর ছেলে অভিষেকই চিনতে পারবেন না! ইনকিলাব শ্রীবাস্তব নামই হলো আজকের বলিউড শাহেনশার মা–বাবার দেওয়া নাম। এখন আপনিই বলুন, ‘মিস্টার ইনকিলাব’ নামটি ধরে ডাকলে কেমন লাগত! কেমন যেন বেমানান লাগছে না?

রজনীকান্ত তাঁর নামটিও উড়িয়ে দিয়েছেন: ছবিতে কত কিছুই না তিনি করেন। হুসহাস শব্দ করে কায়দা-কানুন করে চশমা ঘুরিয়ে চোখে দেন, সিগারেট ওপরে ছুড়ে দিয়ে সোজাসুজি মুখে ধরে নেন। তিনি রজনীকান্ত। অনেক অসম্ভবকে সম্ভব করার মতোই নিজের নামটাও বেমালুম উড়িয়ে দিয়েছেন রজনীকান্ত। আপনি কি জানেন এই সুপারম্যানের আসল নামটি কী? আসলে তাঁর নাম ছিল শিবাজী রাও গায়কোয়াড়।

আভাস হলেন কিশোর: এই নামটি শুনলে আর কিছু লাগে! কত গান মনে পড়ে যায় নিমেষেই। কিশোর কুমার আর আধুনিক হিন্দি গান যেন মুদ্রার এপিঠ–ওপিঠ। তবে আর যা–ই বলুন, কিশোর নামে কোনো জনপ্রিয় হিন্দি গানের শিল্পীর অস্তিত্ব ছিল না ছোটবেলায়। কিশোর কুমারের প্রকৃত নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। পরবর্তী সময় কিশোর কুমার নামে জনপ্রিয় হন তিনি।

মিঠুনের ‘চক্রবর্তী’টাই টিকল: ‘মিঠুন’ নামটি অনেকের স্মৃতিকেই উসকে দেয়। আশির দশকের ডিসকো নৃত্য মানেই মিঠুন। আদিবাড়ি বাংলাদেশের বরিশালে। বাংলা থেকে বলিউড জয় করা এই তারকার আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। বংশের উপাধি ঠিক রেখে কিন্তু নিজের রাখা ‘মিঠুন’ নাম নিয়েই পরে তিনি জনপ্রিয় হন।

কমল হাসান: কমল হাসান। নামটি শুনে হয়তো অনেকেই তাঁর ধর্ম সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আসলে এটি তাঁর আসল নাম নয়। আসল নাম আলওয়ারপেট্টাই আনদাভার, সেখান থেকে বদলে তিনি হলেন কমল হাসান।
সূত্র: উইকিপিডিয়া এবং বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম
আরও পড়ুন