আসল নামে পরিচয় নয় : ৩য় পর্ব
‘নামের বড়াই কর নাকো নাম দিয়ে কী হয়, নামের মাঝে নেইকো ওগো সবার পরিচয়...’—নামের মাঝে পরিচয় নেই, বরং কাজের মাঝেই পরিচয়—এ কথা জ্ঞানী-গুণীরা যতই বলে থাকুক না কেন, নাম কামানোর জন্যই মানুষের কত-না প্রচেষ্টা। বলিউডে অনেক তারকা হয়তো আপনারই প্রিয় শিল্পীর তালিকায় আছেন, মানুষটি হয়তো বুড়ো হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অথচ আপনি তাঁর আসল নামটিই জানলেন না এ জীবনে। এমনই কিছু তারকার আসল নামটি আজ জেনে রাখুন প্রথম আলোর বিনোদনের সঙ্গে থেকে।

বলরাজ হলেন সুনীল: আসল নাম বলরাজ দত্ত হলেও সুনীল দত্ত নামেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

বিশ্বনাথ হলেন নানা : ছিলেন বিশ্বনাথ পাটেকর। নিজেকে পরিচিত করলেন নানা হিসেবে।

সালমানের নামটি কত বড় : কত নামেই না তাঁকে চেনেন। দুই দশকের বেশি সময় অনেকবার নিত্যনতুন নামে পরিচিতি পেয়েছেন সালমান। সুলতান, সল্লুভাই, ভাইজান, সল্লু মিয়া—এমন অনেক নামেই ভক্তদের কাছে পরিচিত তিনি। কিন্তু সালমানের আসল নামটি কি জানেন? স্কুলের খাতায় কী নাম লিখেছেন তিনি? আসল নামটা শুনলে অবাকই হবেন। নামটা কিঞ্চিৎ বড়ও বটে—আবদুল রশিদ সেলিম সালমান খান। পরীক্ষার খাতায় নিশ্চয় নামটা লিখতে অনেক সময় লেগে যেত বেচারার!

অক্ষয় কুমার : তারকা হওয়ার আগে পেশাদার জীবনে কত দেশ-বিদেশই না ঘুরেছেন তিনি। থাইল্যান্ড এমনকি বাংলাদেশেও কাজ করে গেছেন। কিন্তু তখন কি আর ‘অক্ষয়’ কাজ করেছেন ঢাকায়। ছবি না দেখিয়ে নাম বললে, হয়তো পুরোনো সহকর্মীরা চিনতে পারবে না অক্ষয়কে। কেননা ওই সময়ে তাঁর আসল নাম রাজীব হরিমন ভাটিয়া। সিনেমায় নামার আগে অক্ষয় নামটি নিজেই রেখেছেন।

পরিবারের পদবি ছেড়েছেন হৃতিক : এ কথা হয়তো অনেকেই জানেন না, রোশন পরিবারের আসল পদবি নাগরাথ। রোশন আসলে হৃতিকের দাদার নাম। পরবর্তীকালে এই নামই পরিবারের সবাই পদবি হিসেবে ব্যবহার করতে শুরু করেন। পুরোনো ফাইল ঘাটলে হৃতিকের নাম পাবেন হৃতিকনাগরাথ রোশন।

গোবিন্দর আসল নামটি বিদঘুটে : আসল নামের সঙ্গে খুব বেশি অমিল নেই গোবিন্দর। গোবিন্দ অরুণ অহুজা। শেষমেশ পর্দায় অভিনয় করতে এসে নামটি সংক্ষিপ্ত করে নিয়েছিলেন তিনি। হয়ে গেলেন শুধু গোবিন্দ।
সূত্র : উইকিপিডিয়া এবং বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম