আসলে কোনটা সত্যি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিশা প্যাটেল
আমিশা প্যাটেল

বলিউড তারকা আমিশা প্যাটেল এক ভয়ংকর দুর্ঘটনার শিকার হয়েছেন। পুনে হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। এই খবরের সঙ্গে আমিশা প্যাটেলের দুমড়ানো–মোচড়ানো গাড়ির একাধিক ছবিও ছিল। পরে জানা গেছে, খবরটি ভুয়া। আজ শনিবার তাঁকে নিয়ে আরেকটি খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে, আমিশা প্যাটেলকে নাকি শিগগিরই গ্রেপ্তার করা হতে পারে। তাঁর বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন চলচ্চিত্র নির্মাতা অজয় সিং। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দুটি খবর নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, আসলে কোনটা সত্যি?

সম্প্রতি জানা গেছে, আমিশা প্যাটেলের বিরুদ্ধে আড়াই কোটি রুপি আত্মসাতের অভিযোগ করেছেন অজয় সিং। তিনি অভিযোগে বলেছেন, ২০১৬ সালের নভেম্বরে রাচিতে ‘ডিজিটাল ইন্ডিয়া’ শীর্ষক এক অনুষ্ঠানে আমিশার সঙ্গে তাঁর পরিচয় হয়। এই বলিউড সুন্দরী অজয় সিংয়ের প্রতিষ্ঠান থেকে আড়াই কোটি রুপি নিয়েছেন। আমিশা প্যাটেল তা নিজের ছবি নির্মাণের কাজে ব্যয় করেন।

আমিশা প্যাটেল
আমিশা প্যাটেল

অজয় সিং বলেন, ‘আমিশার সঙ্গে আমার একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী ২০১৮ সালের জুন মাসে তিনি আমাকে সুদসহ পুরো অর্থ ফেরত দেবেন। কিন্তু নির্ধারিত সময়ে আমিশা তা ফেরত দেননি। একাধিকবার চাওয়ার পর আমাকে আড়াই কোটি রুপির একটা চেক দিয়েছেন। কিন্তু সেই চেক ছিল ভুয়া। এরপর আমিশা এবং তাঁর ব্যবসায়িক অংশীদার কমল গুমরের কাছে সেই অর্থ ফেরত চাই। তখন তাঁরা আমাকে হত্যার হুমকি দেন, ভয় দেখান।’

অজয় সিং আরও বলেন, ‘আমিশা আমাকে হুমকি দিয়েছেন। ওই সময় তিনি বলেছেন, আমার কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেবেন না। আমি আদালতের শরণাপন্ন হয়েছি। ২০১৮ সালের অক্টোবরে আমিশাকে আইনি নোটিশ পাঠাই। আদালত তাঁকে ২০১৯ সালের ১৭ জুন আদালতে হাজির থাকার জন্য সমন পাঠান। কিন্তু আমিশা তা গ্রহণ করেননি। ১৭ জুন মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এবার আমিশাকে ৮ জুলাই আদালতে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। মুম্বাই পুলিশের সাহায্যে রাচি পুলিশ আমিশার কাছে সমন পাঠিয়েছে। এবার আমিশাকে অবশ্যই ৮ জুলাই আদালতে উপস্থিত হতে হবে।’

আমিশা প্যাটেল আর তাঁর ব্যবসায়িক অংশীদার কমল গুমরের বিরুদ্ধে ধোঁকাবাজি, বিশ্বাসঘাতকতা ও হত্যার হুমকির মামলা করেছেন অজয় সিং। তিনি বলেন, ‘বড় বড় রাজনৈতিক নেতার সঙ্গে তোলা ছবি আমিশা আমাকে পাঠিয়েছেন। তাঁদের সঙ্গে নাকি এই নায়িকার ঘনিষ্ঠ ওঠাবসা আছে। তাই তিনি কাউকে ভয় পান না। আমিশা যদি নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হন, তাহলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি হতে পারে।’

আমিশা প্যাটেল
আমিশা প্যাটেল

অজয় সিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমিশা প্যাটেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সম্প্রতি অভিনেতা রজপাল যাদব আর চিত্রনির্মাতা প্রেরণা অরোরার বিরুদ্ধে ধোঁকাবাজির মামলা হয়েছে। তাঁরা দুজন চেক জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হন। পরে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।

অজয় সিং এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ফ্যামিলি অব ঠাকুরগঞ্জ’-এর প্রচারণা নিয়ে। ছবিটি ১৯ জুলাই মুক্তি পাবে। এই ছবিতে অভিনয় করেছেন জিমি শেরগিল, মাহি গিল, সৌরভ শুক্লা, পবন মালহোত্রা প্রমুখ।