আস্তাবলে কঙ্গনা?

কঙ্গনা রনৌত তাঁর পরবর্তী ছবির প্রস্তুতি নিয়ে এখন মহাব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেই ১৫-২০ দিনের একটি প্রশিক্ষণে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এটিও অবশ্য তাঁর চরিত্রের জন্য প্রস্তুতিরই একটি অংশ। মজার বিষয় হলো, তাঁর কোর্সের বিষয় ঘোড়া প্রতিপালন। কারণ, তাঁর পরবর্তী ছবিটি রানি লক্ষ্মীবাঈয়ের জীবন নিয়ে নির্মিত। এখানে রানির চরিত্রে দেখা যাবে কুইন তারকা কঙ্গনাকে। তাই চরিত্রের প্রয়োজনেই তাঁকে আস্তাবলে গিয়ে ঘোড়া বশে আনা শিখতে হবে।
এর আগে বিশাল ভরদ্বাজের রেঙ্গুন ছবির জন্য কঙ্গনাকে ঘোড়া চালানো শিখতে হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই নাকি ঘোড়া চালানো শিখে গিয়েছিলেন তিনি। এদিক থেকে কঙ্গনা একধাপ এগিয়েই আছেন বলা যায়। এখন শুধু তাঁকে ঘোড়া বশে আনা শিখতে হবে। আর জানতে হবে কীভাবে ঘোড়ার দেখভাল করতে হয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে কাট্টি বাট্টি সিনেমায়। ২০১৭ সালে কঙ্গনা অভিনীত ছবি রেঙ্গুন ও সিমরান মুক্তি পাবে। বলিউড বাবল।