আহত হয়েছিলেন পরিণীতি, গান হয়েছে হিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘খাকে গ্লাসি’ গানের দৃশ্যে পরিণীতি ও সিদ্ধার্থ
‘খাকে গ্লাসি’ গানের দৃশ্যে পরিণীতি ও সিদ্ধার্থ

বিচিত্র এ দুনিয়া। সামাজিক বন্ধন বিয়ের কতশত রীতি! এই যেমন চীনের ‘তুজা’ প্রজাতির মেয়েরা বিয়ের মাসখানেক আগে থেকেই রোজ এক ঘণ্টা করে কান্নাকাটি চর্চা করেন। তাঁর সঙ্গে যোগ দেন বাড়ির অন্য নারীরা। বিয়ের দিন কনে বিদায়ের কান্নাকে আয়োজন করে নিখুঁত করতেই এ প্রচেষ্টা! আবার কাজাখস্তানে নারীদের তুলে নিয়ে বিয়ে করার রীতি আছে। এ বিষয়ে ‘ব্রাইড কিডন্যাপিং ইন কাজাখস্তান’ নামে একটা প্রামাণ্যচিত্র আছে ইউটিউবে। এই রীতিরই আবার উল্টো রীতি দেখা যায় উত্তর ভারতের বিহারে। সেখানে মেয়েরাই তাঁদের পছন্দের পাত্রকে তুলে নিয়ে বিয়ে করেন। বিহারি ভাষায় একে বলে ‘পাকড়াও বিবাহ’।

বিহারের সের কমই এক গল্প নিয়ে বলিউডের বড় পর্দায় আসছে ‘জাবারিয়া জোড়ি’। আর এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করবেন পরিণীতি চোপড়া ও সিদ্ধার্থ মালহোত্রা। ছবির গল্প, অভিনয়শিল্পী, গান—সবকিছু মিলে ভক্তরা ছবিটির বিষয়ে খুবই আগ্রহী। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন ‘জাবারিয়া জোড়ি’ সিনেমার কলাকুশলীরা। গত ১ জুলাই ছবির ট্রেলার প্রকাশের পর এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় দুই কোটিবার!

‘জিল্লা হিলেলা’ গানে দুর্দান্ত নেচেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও এলি আবরাম
‘জিল্লা হিলেলা’ গানে দুর্দান্ত নেচেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও এলি আবরাম

ছবির শুটিংও আগেই শেষ। গত ৫ জুলাই ইউটিউবে মুক্তি পেয়েছে এই ছবির গান ‘খাকে গ্লাসি’। ঘটনা এই গানের শুটিংয়ের সময়কার। গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছিলেন পরিণীতা চোপড়া। এই ধরনের নাচের জন্য প্রচুর ঘাম ঝরাতে হয়। হঠাৎ ঘটল অঘটন।

অসতর্কতাবশত নাচের একটা সরঞ্জামের ওপর জোরে হাত গিয়ে পড়ল। ফলে হাতের কয়েকটা আঙুলে মারাত্মকভাবে চোট লেগেছে। কিন্তু এরপরও তিনি শুটিং বন্ধ করেননি। প্রাথমিক চিকিৎসা নিয়ে, ব্যথা ভুলে আবারও ঝাঁপিয়ে পড়েছেন শুটিংয়ে। আঙুলের ক্ষতি হয়েছে বলে কাজের ক্ষতি হতে দেননি। ইউটিউবে এখন পর্যন্ত গানটি দেখা হয়েছে প্রায় আড়াই কোটিবার। পরিনীতির পারফরম্যান্স দেখে কিন্তু বোঝার উপায় নেই এসব।

এই ছবির আরেকটি গান ‘জিল্লা হিলেলা’-এ দুর্দান্ত নেচেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও এলি আবরাম। আর নাচিয়েছেন সবাইকে। গত ১১ জুলাই গানটি প্রচারিত হওয়ার পর এখন পর্যন্ত দেখা হয়েছে ২ কোটি ২২ লাখবার। আর সময়ের সঙ্গে এসব ভিউসংখ্যা বাড়ছে হু হু করে।

‘খাকে গ্লাসি’ গানের দৃশ্যে পরিণীতি চোপড়া
‘খাকে গ্লাসি’ গানের দৃশ্যে পরিণীতি চোপড়া

‘জাবারিয়া জোড়ি’ মানে জোর করে জুটি বাঁধা। নামেই বোঝা যাচ্ছে রোমান্স আর কমেডি মিলে সাড়া ফেলবে ছবিটি। সঙ্গে নাচগান তো আছেই। সিদ্ধার্থ ও পরিণীতির সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করেছেন জাভেদ জাফরি, সঞ্জয় মিশ্র, নীরাজ সুদ, চন্দন রায় সান্যালসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছেন শুভা কাপুর, একতা কাপুর ও শৈলেশ আর সিং। আর পরিচালনা করেছেন প্রশান্ত সিং। ৯ আগস্ট বড় পর্দায় মুক্তির জন্য প্রস্তুত ‘জাবারিয়া জোড়ি’।