আয়ুষ্মান এবার গুপ্তচর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এভাবেই এঁকেছেন ‘বালা’রূপী আয়ুষ্মান খুরানাকে। ছবি: ইনস্টাগ্রাম
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এভাবেই এঁকেছেন ‘বালা’রূপী আয়ুষ্মান খুরানাকে। ছবি: ইনস্টাগ্রাম

‘শুভ মঙ্গল সাবধান’, ‘বাধাই হো’, ‘আন্ধা ধুন’, ‘আর্টিকেল ফিফটিন’, ‘বালা’, ‘ড্রিম গার্ল’–এর পর চলছে ‘গুলাবো সিতাবো’র কাজ, তারপর? বলিউডের উঠতি ‘হিট মেশিন’ আয়ুষ্মান খুরানার পরবর্তী ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে এরপর বড় পর্দায় তাঁকে দেখা যাবে গুপ্তচরের ভূমিকায়। একজন সত্যিকারের গুপ্তচরের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবিটি নির্মাণ করবেন অনুভব সিনহা।

আয়ুষ্মান খুরানার বলিউডে আগমনই যেন ‘হিরো’র তথাকথিত নির্মাণ ভেঙে নতুন করে গড়ার জন্য। এই অন্য রকম ‘হিরো’ তাঁর প্রতিটা ছবি দিয়ে বলিউডকে এক বার্তা দিয়েছেন, তিনি ‘সবার থেকে আলাদা’। অনুভব সিনহার সঙ্গে ‘আর্টিকেল ফিফিটিন’–এ আয়ুষ্মান খুরানাকে দেখা গেছে পুলিশের পোশাকে। আবারও এই পরিচালক আর আয়ুষ্মান খুরানা জুটি বেঁধে ফিরবেন বড় পর্দায়। আর দুজনেই তাঁদের কাজের মাধ্যমে প্রমাণ করেছেন, তাঁদের সামাজিক সচেতনতাবোধ প্রবল।

২০১২ সালে ‘ভিকি ডোনার’ চলচ্চিত্রে একেবারেই অন্য রকম চরিত্র দিয়ে বলিউডের খাতা খোলেন আয়ুষ্মান খুরানা। তিনি সেই চরিত্র না করলে কেউ হয়তো জানতেই পারত না, এমনও হিরো হয়। ‘ভিকি অরোরা’ নামে সিনেমার সেই হিরো সুইজারল্যান্ডের চমৎকার ফুলবাগানে নাচেন না, আইসল্যান্ডে পড়ে থাকা উড়োজাহাজে চড়ে গানও গান না, জানেন না ঢিসুমঢুসুমও। তবে সেই নায়ক স্পার্ম ডোনেট করেন! এর ফলে ৫৩ জন নারী পান সন্তানধারনের অপার্থিব অনুভূতি। সেই থেকে শুরু। প্রতিটি ছবিতে কেবল নিজেকে ভেঙে গড়েছেন, আর ভেঙে গড়েছেন ‘নায়কে’র সংজ্ঞা।

অনুভব সিনহার আর্টিকেল ফিফটিনে এই লুকে দেখা দিয়েছিলেন আয়ুষ্মান খুরানা। ছবি: ইনস্টাগ্রাম
অনুভব সিনহার আর্টিকেল ফিফটিনে এই লুকে দেখা দিয়েছিলেন আয়ুষ্মান খুরানা। ছবি: ইনস্টাগ্রাম

আয়ুষ্মান খুরানা যে ধরনের চরিত্র করেন, সেই চিত্রনাট্য পড়ার পর অন্য ‘নায়ক’ দুবার, তিনবার, বহুবার ভাববেন। ভেবে ‘না’ করে দেবেন। এক সাক্ষাৎকারে তাই অনুপমা চোপড়া জিজ্ঞেস করেছিলেন, এসব চিত্রনাট্য আপনাকে খুঁজে নেয়, নাকি আপনিই এসব চিত্রনাট্য খুঁজে খুঁজে বের করেন? আয়ুষ্মান খুরানা হেসে উত্তর দিয়েছিলেন, ‘আমরা দুজনে দুজনকে খুঁজে বের করি।’

‘ড্রিমগার্ল’ ছবিতে হয়েছেন পূজা। ছবি: ইনস্টাগ্রাম
‘ড্রিমগার্ল’ ছবিতে হয়েছেন পূজা। ছবি: ইনস্টাগ্রাম

ফিল্মফেয়ারে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, এই ছবির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলে, ‘আর্টিকেল ফিফিটিন’–এর সাফল্যের পর অনুভব সিনহা আর আয়ুষ্মান খান দুজনেই দুজনের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন। আর এই ছবির কাহিনি ও চিত্রনাট্য আগেরটা থেকেও দুর্দান্ত। এর আগে আয়ুষ্মানকে কখনো এই ধরনের চরিত্রে দেখা যায়নি। আয়ুষ্মানও তাঁর চরিত্র নিয়ে খুবই উচ্ছ্বসিত। শুনেই ‘হ্যাঁ’ বলে দিয়েছেন তিনি। ২০২০ সালের মাঝামাঝি এই ছবির শুটিং শুরু হবে।’

আয়ুষ্মান খুরানা। ছবি: ইনস্টাগ্রাম
আয়ুষ্মান খুরানা। ছবি: ইনস্টাগ্রাম

আয়ুষ্মান খুরানাকে আবারও বড় পর্দায় দেখা যাবে ২০২০ সালের ২৭ এপ্রিল। কারণ, সেদিন মুক্তি পাবে প্রথমবারের মতো অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’। অন্যদিকে অনুভব সিনহা ব্যস্ত আছেন ‘থাপ্পড়’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে। তাপসী পান্নু অভিনীত এ ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি।