ইউটিউব থেকে সরিয়ে ফেলা হলো 'কৃতি'

শিরিষ কুন্দ্র পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কৃতি’ নকলের অভিযোগে ইউটিউব থেকে নামিয়ে ফেলা হয়েছে। ২২ জুন এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রকাশ করার দুই দিন পরেই নেপালি পরিচালক অনিল নেউপানে বলিউড পরিচালক শিরিষের বিরুদ্ধে নকলের অভিযোগ আনেন। অনিলের দাবি, তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বব’ নকল করে শিরিষ ‘কৃতি’ বানিয়েছেন। ‘কৃতি’ ছবিতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে, মনোজ বাজপেয়ি ও নেহা শর্মা।
অনিলের ভাষায়, ‘আমি এটি দেখতে বসে ভেবেছিলাম, হয়তো এর প্রথম কয়েকটা ফ্রেম আর চরিত্রগুলো ‘বব’–এর সঙ্গে মিলে গেছে। ভেবেছিলাম এটা কাকতালীয়। আসলে মনোজ বাজপেয়ি আর নেহা শর্মা এখানে অভিনয় করেছেন বলে আমি খুব উৎসাহ নিয়ে দেখতে বসেছিলাম। কিন্তু পুরোটা দেখার পর আমি তো হতবাক। ‘বব’-এর সঙ্গে এখানে অনেক জায়গায় মিল আছে।’
এদিকে অনিলের এই দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শিরিষ তাঁকে ‘শর্তহীন লিখিত ক্ষমা’ চাইতে বলেন। ‘কৃতি’ নিয়ে কোনো মৌখিক বা লিখিত মন্তব্য করার আগে অনিলকে সংযত হতেও বলেন তিনি। উল্টো অভিযোগ করেন, অনিলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিই নকল।
অবশ্য শিরিষের এই বক্তব্যকে সবদিক থেকেই ভিত্তিহীন মনে করেন অনিল। ‘বব’-এর শুটিং তিনি শেষ করেছিলেন ২০১৫ সালের অক্টোবরে। তখন ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করেছিলেন তিনি। আর ইউটিউবে এটি প্রকাশ করেন এই বছরের মে মাসে। কিন্তু ‘কৃতি’ পরিচালক শিরিষ কুন্দ্র বলেন, তিনি এটি ফেব্রুয়ারিতে নির্মাণ করেছেন। ইউটিউবে প্রকাশ করেছেন পরে।
অবশেষে এই কয়েক দিন কাদা ছোড়াছুড়ির পর ইউটিউব থেকে ‘কৃতি’ নামিয়ে ফেলা হয়েছে। এটি মুছে ফেলার আগে ২৫ লাখ দর্শক দেখেছেন। এনডিটিভি।