ইউলিয়াকে নিয়ে সিনেমায় সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউলিয়া ভানতুর ও সালমান খান
ইউলিয়া ভানতুর ও সালমান খান

কবির খানের ‘টিউবলাইট’ ছবির শুটিং শেষ না হতেই সালমান খান শুরু করে দিয়েছেন ‘টাইগার জিন্দা হ্যাঁয়’ ছবির কাজ। সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের বিপরীতে তাঁর এই ছবির শুটিং এখনো চলছে। এর ফাঁকেই আবার চালাচ্ছেন ‘টিউবলাইট’-এর প্রচার। আসন্ন ঈদেই এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি এই সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সালমান খানের খুব ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি। আর সেখানেই বেশ কিছুদিন পর দেখা মিলল এই অভিনেতার কথিত প্রেমিকা ইউলিয়া ভানতুরের।

রোমানিয়ান মডেল ইউলিয়া মাস খানেকের জন্য তাঁর দেশে গিয়েছিলেন। এ সময় ভারতে থেকেই বা তিনি কী করতেন? সালমান তো ব্যস্ত ছবির কাজ নিয়ে। বান্ধবীকে সময় দেওয়ার মতো সময় কি এখন তাঁর আছে? এ জন্য অনেক দিন এই জুটিকে একসঙ্গে দেখা যাচ্ছিল না। আর এই সুযোগে কিছু গণমাধ্যম তো তাদের প্রতিবেদনে ইউলিয়ার সঙ্গে সালমানের বিচ্ছেদও ঘটিয়ে ছেড়েছেন। এ প্রসঙ্গে অবশ্য সালমান টুঁ শব্দটিও করেননি। ‘বজরঙ্গি ভাইজান’ তাঁদের জবাব দিলেন অন্যভাবে। সেই প্রতিবেদকদের মুখে ঝামা ঘষে দিয়ে গতকাল একসঙ্গে ‘টিউবলাইট’ দেখতে হাজির হয়েছিলেন দুজন।

বিশেষ এই প্রদর্শনীতে আরও হাজির হয়েছিলেন সালমানের দুই ভাই আরবাজ খান ও সোহেল খান। ছবির পরিচালক কবির খানও ছিলেন।

১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পটভূমিতে এই ছবিটি নির্মিত। সিনেমায় সালমানের ভাইয়ের চরিত্রে দেখা যাবে তাঁর নিজের ছোট ভাই সোহেল খানকে। এ ছাড়া এখানে অভিনয় করেছেন চীনা অভিনেত্রী চু চু।

২০১৫ সালের মার্কিন ছবি ‘লিটল বয়’ থেকে অনুপ্রাণিত ছবি ‘টিউবলাইট’ বিশ্বজুড়ে মুক্তি দেওয়া হবে এই শুক্রবার। ইন্ডিয়া টুডে।