ইতিহাস গড়ার অপেক্ষায় 'বজরঙ্গি ভাইজান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজরঙ্গি ভাইজান ছবির একটি গানের দৃশ্যে কারিনা কাপুর ও সালমান খান
বজরঙ্গি ভাইজান ছবির একটি গানের দৃশ্যে কারিনা কাপুর ও সালমান খান

বলিউড তারকা আমির খানের পিকে ছবিটি এ পর্যন্ত ৭৩৫ কোটি রুপি আয় করে বলিউডে এক নতুন ইতিহাস গড়েছে। ২০১৪ সালের ১৯ ডিসেম্বর আমির খান অভিনীত এই ছবিটি মুক্তি পায়। কিন্তু আমির বুঝি এই রেকর্ড আর বেশি দিন ধরে রাখতে পারবেন না। কারণ পিকের সেই রেকর্ড ভেঙে যেকোনো সময়ই নতুন ইতিহাস গড়তে পারে সালমান খানের বজরঙ্গি ভাইজান। ১৭ জুলাই মুক্তি পাওয়া এই ছবিটি পাঁচ সপ্তাহে আয় করে নিয়েছে ৬০৬ কোটি ৭০ লাখ রুপি। তাই ধারণা করা হচ্ছে, আমিরের মাইলফলক ছুঁতে খুব বেশি দিন লাগবে না সালমানের।
বলিউডে পিকের পরে সর্বোচ্চ আয়ের রেকর্ড ধুম থ্রি সিনেমার রয়েছে। ২০১৩ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এ ছবির আয় ৫৪২ কোটি রুপি। তালিকার ৪ নম্বরে ৪২২ কোটি রুপি আয় করে অবস্থান করছে শাহরুখ খান-দীপিকা অভিনীত চেন্নাই এক্সপ্রেস। পঞ্চম স্থানে রয়েছে আমিরের আরও একটি ছবি, নাম থ্রি ইডিয়টস। ওই ছবিটি আয় করেছিল ৩৯৫ কোটি রুপি। তবে এ তো গেল শুধু বলিউডের হিন্দি ছবির তালিকা। আঞ্চলিক ছবি হয়েও এ তালিকায় দক্ষিণ ভারতের ছবি বাহুবলিও কিন্তু সম্প্রতি যুক্ত হয়েছে সর্বোচ্চ আয় করা ভারতীয় চলচ্চিত্রের এই তালিকায়। ১০ জুলাই মুক্তি পাওয়া ছবিটি এরই মধ্যে আয় করে নিয়েছে ৫৭৭ কোটি রুপি।